ব্রিটিশ শিক্ষার সমালোচনায় গুগল চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এরিক শমিডিট যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দেশটির বর্তমান শিক্ষাব্যবস্থা এ দেশের লোকজনকে পিছিয়ে দিচ্ছে। এ ছাড়া ডিজিটাল গণমাধ্যম অর্থনীতির সাফল্যের সম্ভাবনাকে পিছিয়ে দিচ্ছে। গত শুক্রবার এডিনবরা ইন্টারন্যাশনাল টেলিভিশন ফেস্টিভালে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। এরিক বলেন, বিজ্ঞান, গণিত ও প্রকৌশলে শিশুরা যাতে উৎসাহিত হয়—এমন ব্যবস্থা নিতে হবে যুক্তরাজ্য সরকারকে। তিনি তরুণ অনলাইন চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণে সাহায্য করার জন্য যুক্তরাজ্যের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টিভি স্কুলের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করার ঘোষণা দেন। এরিক বলেন, অপ্রিয় হলেও সত্যি, শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের রেকর্ড খুব ভালো নয়। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দেশটি এখনো পিছিয়ে আছে। এই খাতে যুক্তরাজ্যের তেমন কোনো অবদান নেই। অথচ যুক্তরাজ্যে গণমাধ্যম-সংশ্লিষ্ট অনেক কিছু উদ্ভাবন হয়েছে। এখানকার বিজ্ঞানীরা টেলিভিশন উদ্ভাবন করেছেন, ফটোগ্রাফি উদ্ভাবন করেছেন। কিন্তু এখন কেউ তেমন কিছু করতে পারছে না। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, ‘আমি এটা শুনে হতবাক হয়ে গেছি যে যুক্তরাজ্যের নামকরা স্কুলগুলোতে কম্পিউটার বিজ্ঞান পড়ানো হয় না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্যের সরকারের উচিত, অবিলম্বে স্কুলের পাঠ্যসূচিতে কম্পিউটার বিজ্ঞান অন্তর্ভুক্ত করা। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান