ব্রেকিং নিউজ গুগল চশমায়!
ব্রেকিং নিউজ পেতে এখন আর স্মার্টফোনে এসএমএসের জন্য অপেক্ষায় থাকতে হবে না। গুগলের তৈরি স্মার্ট গ্লাসেই পড়া যাবে ব্রেকিং নিউজ। গুগল সম্প্রতি স্মার্ট গ্লাসের জন্য ব্রেকিং নিউজ দেখাতে পারে এমন অ্যাপ্লিকেশন তৈরি করছে যা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চশমার ডিসপ্লেতে ব্রেকিং নিউজ দেখাবে। খবর টেলিগ্রাফ অনলাইনের।সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত এসএক্সএসডব্লিউ নামের একটি অনুষ্ঠানে গুগল গ্লাসের নতুন এ বৈশিষ্ট্য জানান গুগলের ডেভেলপার টিমোথি জর্ডান। গুগল গ্লাস পরে কীভাবে ব্রেকিং নিউজ পাওয়া যাবে তা ওই অনুষ্ঠানে দেখিয়েছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্রেকিং নিউজ দেখার বিষয়টি জানান তিনি।টিমোথি জানান, গুগল গ্লাস ব্যবহারকারী চাইলে ব্রেকিং নিউজ ছাড়াও ছবি, ভিডিও, লিংক বা অন্যান্য তথ্য দেখার জন্যও আবেদন করতে পারবেন। যদি পড়তে ইচ্ছা না করে তবে রেডিওর মতো ব্রেকিং নিউজ বা কোনো খবর পড়ে শোনাতে পারবে গুগলের এ প্রযুক্তি চশমা। এ ছাড়াও জিমেইল, পাথ বা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন গুগল গ্লাসে ব্যবহার করা যাবে।চলতি বছরের শেষ নাগাদ ব্রেকিং নিউজ পড়ার সুবিধাযুক্ত এ চশমা বাজারে আনছে গুগল। এ চশমার দাম হাতের নাগালেই রাখবে প্রতিষ্ঠানটি।