ব্রেসলেটই করবে লগ আউট

কম্পিউটার থেকে লগ আউট করতে ভুলে গেছেন? ব্রেসলেটনির্ভর একটি নিরাপত্তাব্যবস্থা আপনাকে নিরাপদ রাখবে। আপনার অনুপস্থিতি কাজে লাগিয়ে কেউ যাতে কম্পিউটার ব্যবহার করতে না পারে আপনার হাতের ব্রেসলেট দূর থেকেই তা নিশ্চিত করবে। সম্প্রতি গবেষকেরা এ ধরনের ব্রেসলেট তৈরিতে কাজ করছেন। এক খবরে পিটিআই এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যক্তিগত কম্পিউটার লগ আউট করতে অনেকেই ভুলে যান। এতে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এখনকার প্রচলিত শনাক্তকরণ প্রক্রিয়া বলতে মূলত পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট প্রভৃতি বোঝায়। এখন কম্পিউটার টার্মিনাল ছাড়ার সময় ব্যবহারকারীরা ‘ওয়ান-টাইম অথেনটিকেশন’-এর ওপর নির্ভর করেন।
গবেষকেরা দাবি করেছেন, তাঁরা এমন একটি ব্রেসলেট তৈরি করেছেন, যা ব্যবহারকারীর কবজির নড়াচড়া বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার থেকে লগ আউট করে দিতে পারে। এতে লগ আউট করতে ভুলে গেলেও অন্য কেউ কম্পিউটার ব্যবহার করতে পারবেন না।
ডর্থমাউথ কলেজের গবেষকেরা বলেন, নিরাপত্তার ক্ষেত্রে প্রচলিত ‘বায়োমেট্রিক’ ও ‘ইউজার প্রক্সিমিটি’ভিত্তিক পদ্ধতিগুলো যথেষ্ট নয়।
গবেষক শ্রীরাং মেয়ার দাবি করেছেন তিনি জিরো-এফোর্ট বাইলেটারাল রিকারিং অথেনটিকেশন বা জেবরা নামের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ পদ্ধতিতে ব্যবহারকারীকে যে ব্রেসলেট পরিধান করতে হয় তাতে অ্যাকসিলরোমিটার, জাইরোস্কোপ ও বেতার তরঙ্গ গ্রহণকারী প্রযুক্তি থাকতে হবে। এ ধরনের ব্রেসলেট সাধারণত ফিটনেস ডিভাইস হিসেবে পাওয়া যায়।
গবেষকেরা আরও জানিয়েছেন, যখন এই ব্রেসলেট কম্পিউটার টার্মিনালের সঙ্গে যুক্ত হয় তখন কবজির নড়াচড়া শনাক্ত করে তা কম্পিউটার টার্মিনালে পাঠাতে পারে। এ সময় ব্রেসলেটটি কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। তাই ব্যবহারকারী কম্পিউটার থেকে দূরে গেলে অন্য কেউ আর ওই কম্পিউটার ব্যবহার করতে পারবেন না।