ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ও জলবায়ু-সংক্রান্ত দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এ বইগুলোতে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। বই দুটির নাম ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যাপ্রোচেস ইন বাংলাদেশ’ ও ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ’। বই দুটি প্রকাশ করেছে স্পিঞ্জার পাবলিকেশন। বইয়ের মোড়ক উন্মোচনের সহযোগী হিসেবে ছিল গ্র্যাজুয়েট স্কুল অব গ্লোবাল এনভায়রনমেন্ট, কিয়েটো বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের স্থানীয় সমন্বয়কারী নীল ওয়াকার ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বইয়ের সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন কিয়েটো বিশ্ববিদ্যালয়ের রাজীব শ’, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফুয়াদ হাসান মল্লিক, ইউএনডিপির আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত।
সম্পাদক ফুয়াদ মল্লিক সংক্ষেপে বই দুটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আলোচনা ও উদাহরণ হিসেবে জাতীয় ও এলাকাভিত্তিক কর্মসূচি, প্রকল্প ও এ-সংশ্লিষ্ট অভিজ্ঞতা বইতে উঠে এসেছে।
জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আমরা দুর্যোগ বন্ধ করতে পারব না, তবে এর প্রভাবকে সীমিত করার লক্ষ্যে কাজ করতে পারব।’
আইনুন নিশাত বলেন, ‘দুর্যোগকালীন ঝুঁকি কমাতে এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত এবং ক্রমশ পরিবর্তনশীল।’
নীল ওয়াকার দুর্যোগ-পরবর্তী পদক্ষেপ-সম্পর্কিত জাতিসংঘের অবস্থান তুলে ধরেন এবং এ ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবদানের প্রশংসা করেন।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকবর আলী খান, মফিজ উদ্দিন, রেজিস্ট্রার ইসফাক ইলাহি চৌধুরী।