রক্তের প্রয়োজন। কিন্তু হঠাৎ করে কোথায়, কাকে খুঁজবেন? তেমন কেউ জানাশোনা না থাকলে মানসিক অস্থিরতা বেড়ে যাওয়াই স্বাভাবিক। এ ধরনের জরুরি পরিস্থিতি সামাল দিতেই তৈরি হয়েছে ‘ব্লাডসোর্স’ নামের ওয়েবসাইট। কোন গ্রুপের রক্ত প্রয়োজন তা এবং আপনি কোন এলাকায় আছেন, তার নাম দিয়ে খুঁজলেই চলবে। পেয়ে যাবেন রক্তদাতার নাম ও ফোন নম্বর। আর সেই তালিকা ধরে যোগাযোগ করলে আপনার জরুরি প্রয়োজন মিটতে পারে।আজ ১০ এপ্রিল ওয়েবসাইটটির এক বছর পূর্ণ হচ্ছে। হ্যাভেন কোডারস এবং ফ্রেন্ড স্টার গ্রুপ গত বছরের এই দিনে সাইটটি চালু করেন। বর্তমানে সাইটটিতে কাজ করছেন মো. ইমাম হোসেন, মো. আল নুর সারওয়ার ও শুভ্রজিৎ চক্রবর্তী। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।ব্লাডসোর্স নিয়ে ইমাম হোসেন বলেন, ‘একসময় পরিচিতজনেরা রাত-বিরাতে রক্তের জন্য ফোন দিতেন। তখন মনে মনে ভাবতাম, এ জন্য কিছু একটা করা দরকার। সেই চিন্তারই ফসল এই সাইট।’ শুভ্রজিৎ বলেন, ‘সাইটটি গড়েছি শুধু মানবিক দিক বিবেচনা করেই। এখানে কোনো আর্থিক লাভের বিষয় নেই।’ ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে মো. আল নুর সারওয়ার বলেন, ‘আমরা অসহায় ও গরিব ব্যক্তিদের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে চাই। আর সেই লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের দুস্থ মানুষের মধ্যে যাঁরা আর্থিক অসংগতির কারণে চিকিৎসা চালাতে পারছেন না, তাঁদের জন্য তহবিল সংগ্রহের মাধ্যমে সহযোগিতা করতে চাই।’চালু হওয়ার প্রথম বছরে ব্লাডসোর্স সাইটে মোট রক্তদাতার সংখ্যা প্রায় দেড় হাজার। ওয়েবসাইটে খোঁজ করা শুরুর পর একটি এলাকার নির্দিষ্ট গ্রুপের কতজন রক্তদাতা রয়েছেন, একনজরে এর পরিসংখ্যান পাওয়া যাবে; পাশাপাশি ওই রক্তদাতার পরিচিতি, ঠিকানা, শেষ কবে রক্ত দিয়েছেন—এসব তথ্যও জানা যাবে। এ ছাড়াও ওয়েবসাইটিতে রয়েছে আরও বেশ কিছু দরকারি তথ্য। যেমন: কারা রক্ত দিতে পারবেন, শরীরে রক্তের প্রয়োজনীয়তা, রক্তদাতাদের জন্য পরামর্শ ইত্যাদি।সাইটে গিয়ে যে কেউ নিবন্ধিত হতে পারবেন। তবে কেউ ভুল তথ্য দিলে অথবা কোনো ধরনের অসহযোগিতার অভিযোগ পেলে তাঁকে তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থাও রেখেছেন এর নির্মাতারা। সাইটটির ঠিকানা www.bloodsourcebd.com। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম