ব্লিংক কিনে নিল ইয়াহু

ব্লিংক মোবাইল অ্যাপ্লিকেশন কিনে নিল ইয়াহু। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বার্তা পাঠানোর পর তা স্বয়ংক্রিয় পন্থায় মুছে যায়। এই অ্যাপ্লিকেশনটি স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
ব্লিংক অ্যাপ্লিকেশনটির সাতজন উদ্যোক্তা এখন ইয়াহুর হয়ে কাজ করবেন। এই সাতজন উদ্যোক্তার মধ্যে গুগলের সাবেক কর্মীও রয়েছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লিংক কিনতে ইয়াহুর কী পরিমাণ অর্থ খরচ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ব্লিংক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে লিখেছে, ইয়াহুতে ব্লিংক সংস্করণ তৈরি ও নতুন সম্ভাবনার বিষয়গুলো দেখার অপেক্ষায় রয়েছি।
ব্লিংক তৈরির উদ্দেশ্য সম্পর্কে এর উদ্যোক্তারা বলেন, ‘অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সততা বজায় রাখার সুবিধাটি উন্মুক্ত রাখতেই আমরা ব্লিংক তৈরি করেছিলাম।’
গত দুই বছরে ইয়াহু কর্তৃপক্ষ ৪০টিরও বেশি উদ্যোগ অধিগ্রহণ করেছে। ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার ইয়াহুকে নতুন করে ঢেলে সাজাতে দুই বছর ধরে বিভিন্ন ছোট ছোট উদ্যোগ কিনেছেন।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ট্যাবলেট ও স্মার্টফোনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে মোবাইল কনটেন্ট তৈরি ও মোবাইল বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন মারিসা।