ব্লিজার্ডের নেটওয়ার্কে হ্যাকারদের হামলা
জনপ্রিয় ভিডিও গেম ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট, স্টারক্রাফট ও ডিয়াবলোর নির্মাতা প্রতিষ্ঠান ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট তার গ্রাহকদের জরুরি ভিত্তিতে ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য হুঁশিয়ারি দিয়েছে। হ্যাকাররা ব্লিজার্ডের অভ্যন্তরীণ নেটওয়ার্কে হামলা চালানোর পর প্রতিষ্ঠানটি এই হুঁশিয়ারি উচ্চারণ করল। ব্লিজার্ড তার অনলাইন গেমের পোর্টাল ব্যাটেল ডট নেট-এ জানায়, লাখ লাখ গেমারের, বিশেষ করে উত্তর আমেরিকার গেমারদের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চুরি করেছে হ্যাকাররা। এ ছাড়া দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গেমারদেরও তথ্য চুরি করার প্রমাণ পাওয়া গেছে। এসব স্থানের গেমারদের অবশ্যই ব্যাটেল ডট নেট-এ তাদের ই-মেইল ঠিকানা পরিবর্তন করতে হবে। তবে হ্যাকাররা গেমারদের ক্রেডিট কার্ড নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করেছে কি না, তার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এক বার্তায় ব্লিজার্ডের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাইক মোরহেইম জানান, ৪ আগস্ট তিনি আবিষ্কার করেন যে তাঁদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। মোরহেইম বলেন, ‘তবে যা ঘটেছে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ এদিকে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সেফোসের গবেষক পল ডাকলিন বলেন, ‘ব্লিজার্ডের নেটওয়ার্কের হামলার এই ঘটনা দুঃখজনক, তবে তাতে খুব বেশি ক্ষতি হয়নি। আশা করি, এই সামান্য ক্ষতি ব্লিজার্ড কাটিয়ে উঠতে পারবেন।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান