ব্ল্যাকবেরি আনছে সাশ্রয়ী স্মার্টফোন

প্রতিযোগিতায় নামতে সাশ্রয়ী দামের ব্ল্যাকবেরি স্মার্টফোন বাজারে আনছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। সম্প্রতি ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ৩.১ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি চলতি বছরেই ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বাজারে আনবে ব্ল্যাকবেরি। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে ব্ল্যাকবেরির সাশ্রয়ী স্মার্টফোনের তথ্য প্রকাশিত হয়েছে। ব্ল্যাকবেরির সাশ্রয়ী স্মার্টফোনটির মডেল হবে ‘কিউ ৫’। স্মার্টফোনটিতে থাকবে কোয়ার্টি কি-বোর্ড ও টাচ স্ক্রিন সুবিধা। লাল, গোলাপি, সাদা ও কালো এ চারটি রঙে বাজারে আসবে ‘কিউ ৫’। তবে স্মর্টফোনটির দাম এখনও প্রকাশ করেনি ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন প্রসঙ্গে টেলিকম পরামর্শক প্রতিষ্ঠান ওভামের প্রযুক্তি বিশ্লেষক অ্যাডাম লিচ জানিয়েছেন, ব্ল্যাকবেরির জন্য ‘কিউ ৫’ স্মার্টফোনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সাশ্রয়ী স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরির জন্য এই স্মার্টফোনটি নতুন সুযোগ তৈরি সৃষ্টি করবে। এ স্মার্টফোনটি ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ এর জন্যও ভালো সুযোগ তৈরি করতে সক্ষম হবে। বাজার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে সাশ্রয়ী স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনগুলো ও নকিয়ার আশা সিরিজ জনপ্রিয় হয়েছে। এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, ২০১০ সালে বাজারে ব্ল্যাকবেরির দখল ছিল ১৯ শতাংশ কিন্তু ২০১২ সালে মাত্র ৪ শতাংশে এসে ঠেকেছে। বাজারে নিজের অবস্থান ফিরে পেতে নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি প্রতিষ্ঠানটি ব্র্যান্ড নাম ‘রিসার্চ ইন মোশন’ পরিবর্তন করে ‘ব্ল্যাকবেরি’ করেছে।