ব্ল্যাকবেরি কেনার দৌড়ে গুগল, সিসকো, এসএপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি
ব্ল্যাকবেরি

স্মার্টফোন ব্যবসায় ধুঁকতে থাকা ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ সম্ভাব্য ক্রেতা হিসেবে গুগল, সিসকো, এসএপির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ব্ল্যাকবেরির একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্ল্যাকবেরির স্মার্টফোন ব্যবসার পুরো অংশ বা অংশবিশেষ বেচতে আগ্রহী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, কানাডার মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ২৩ সেপ্টেম্বর ৪৭০ কোটি মার্কিন ডলারে ব্ল্যাকবেরিকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির প্রধান হচ্ছেন প্রেম ওয়াটসা নামের একজন ধনকুবের। ব্ল্যাকবেরিকে প্রাইভেট ফার্ম হিসেবে কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ায় বাজারে ধুঁকতে থাকা ব্ল্যাকবেরির জন্য সিদ্ধান্তে আসা সহজ হবে। বর্তমানে ব্ল্যাকবেরির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ফেয়ারফ্যাক্স। অবশ্য ফেয়ারফ্যাক্সের প্রস্তাব নিয়ে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এখন বাজার বিশ্লেষকেরা বলছেন, ফেয়ারফ্যাক্সের প্রস্তাব নিয়ে সিদ্ধান্তে যাওয়ার আগে গুগল, ইনটেল, এলজি, স্যামসাং, সিসকো,এসএপির সঙ্গে আলোচনা করছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।

ইতিমধ্যে ব্ল্যাকবেরির সার্ভার, পেটেন্টসহ স্মার্টফোন ব্যবসা কিনে নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ব্ল্যাকবেরির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ব্ল্যাকবেরি কিনে নেওয়ার জন্য কয়েকটি প্রতিষ্ঠান তাদের দর জানাতে (বিড) পারে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, একসময় বাজারের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন, আইফোন ও উইন্ডোজ ফোনের সঙ্গে বাজারে পেরে উঠছে না। দীর্ঘদিন ধরেই ব্ল্যাকবেরিকে লাভের ধারায় ফেরাতে চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রিম নাম থেকে ব্ল্যাকবেরি নাম দেওয়া, নতুন অপারেটিং সিস্টেমের উন্নয়ন এবং নতুন স্মার্টফোন বাজারে আনা সত্ত্বেও ব্ল্যাকবেরি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।