ব্ল্যাকবেরি: শুরুতেই শেষের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম তিন মাসে আট কোটি মার্কিন ডলারেরও বেশি লোকসানের মুখে পড়েছে রিসার্চ ইন মোশন বা রিম নাম বদলে ব্ল্যাকবেরি নাম নেওয়া প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়ানোর সবরকম চেষ্টাই বিফলে যেতে বসেছে ব্ল্যাকবেরির।ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে এনে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় দেখিয়েছিল প্রতিষ্ঠানটি এ বছরের প্রথম প্রান্তিকের ফল ঠিক তার উল্টো ছবি দেখাচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।প্রথম প্রান্তিকের এ বিশাল লোকসানের খবর প্রকাশিত হওয়ার পর ব্ল্যাকবেরির শেয়ারের দামেও বড় ধরনের দরপতন ঘটেছে। শেয়ারের দাম ২৮ শতাংশ পর্যন্ত কমে গেছে। তবে হাল ছাড়ছেন না প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা থ্রস্টেন হেইন্স।বর্তমান পরিস্থিতিতে ২৮ জুন থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, প্রথম প্রান্তিকে বিশাল লোকসানের মুখে পড়লেও নতুন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ‘ব্ল্যাকবেরি ১০’ আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে ব্ল্যাকবেরিকে। আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোনটির ভালো বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ৬৮ লাখ ব্ল্যাকবেরি ফোন বিক্রি হয়েছে যার মধ্যে ২৭ লাখ হচ্ছে ব্ল্যাকবেরির নতুন মডেলের স্মার্টফোন। অবশ্য বাজার বিশ্লেষকেরা তুলনা করে বলছেন, অ্যাপলের তৈরি আইফোন এক সপ্তাহে যে পরিমাণ বিক্রি হয়েছে ব্ল্যাকবেরির তিন মাসে বিক্রি হওয়া স্মার্টফোন তার চেয়েও কম।যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০১২ সালে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়ে নতুন করে প্রতিষ্ঠানটির নাম বদল, নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা, নতুন স্মার্টফোন বাজারে আনার লক্ষ্য স্থির করেছিল তা ব্যর্থ। বলা যায়, ব্ল্যাকবেরির শেষের শুরু হয়ে গেছে।তবে আশায় বুক বেঁধে থ্রস্টেন হেইন্স বলেছেন, আমরা কেবল পাঁচ মাস ধরে ঘুরে দাঁড়ানোর যাত্রা শুরু করেছি। এখনও সময় বাকি। ব্ল্যাকবেরির কাছ থেকে আরও নতুন কিছু আসবে। আরও আকর্ষণীয় পণ্য পাবেন ব্ল্যাকবেরি ভক্তরা।প্রতিষ্ঠানটির আরও একটি বিষয় লক্ষণীয় যে, ইদানিং ব্ল্যাকবেরি পণ্যের চেয়ে সফটওয়্যার ব্যবসায় গুরুত্ব দিতে শুরু করেছে। আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্যও অ্যাপ্লিকেশন তৈরি করছে ব্ল্যাকবেরি। তবে কী সত্যিই শেষের শুরু হয়ে গেছে ব্ল্যাকবেরির? এর উত্তরটা সময়ই বলে দেবে। এক সময়ের আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা ব্ল্যাকবেরি স্মার্টফোন বাজার থেকে হারিয়ে যাবে নাকি নকিয়ার মতো জনপ্রিয়তার তলানিতে ঠেকে যাবে তা অবশ্য ক্রেতাদের পছন্দের ওপরই নির্ভর করছে।