ব্ল্যাকবেরিকে কিনছে লেনোভো?

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠান ব্ল্যাকবেরিকে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে এমন খবর রটার পর থেকেই ব্ল্যাকবেরির শেয়ারের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
গতকাল সোমবার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে ব্ল্যাকবেরিকে কিনে নেওয়ার তথ্য প্রকাশ করে বেনজিংগা ডটকম নামের একটি ওয়েবসাইট।
এদিকে, লেনোভো ও ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কোনো অনুমান বা গুজবের বিষয়ে তারা কোনো মন্তব্য করে না।
রয়টার্স জানিয়েছে, গত দুই বছরে ব্ল্যাকবেরিকে লেনোভো কিনতে পারে এমন গুজব বেশ কয়েকবার শোনা গেছে। লেনোভোর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন সময় ব্ল্যাকবেরিকে কিনে নিতে তাদের আগ্রহের কথাও জানিয়েছেন। গত বছর ব্ল্যাকবেরি যখন তাদের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনেছিল, তখনই লেনোভোর আগ্রহের কথা বেশি জানা যায়।
‘পাসপোর্ট’ আনল ব্ল্যাকবেরিএদিকে গত বছর বার্তা সংস্থা রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছিল, কানাডার সরকার ব্ল্যাকবেরিকে চীনা কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে রাজি হবে না। সরকারি অনুমোদন না পাওয়ায় লেনোভো ব্ল্যাকবেরিকে কিনতে পারবে না।
ব্ল্যাকবেরির নেটওয়ার্ক ব্যবস্থাকে নিরাপদ মনে করে বিশ্বের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান, সরকারি ও সেনাসংস্থাগুলো ব্ল্যাকবেরি ব্যবহার করে। কানাডার আইন অনুযায়ী, কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ব্ল্যাকবেরিকে বেচতে হলে সরকারি অনুমোদনের দরকার হবে।
২০১২ সালের ফেব্রুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি ব্ল্যাকবেরিকে কানাডার প্রতিষ্ঠান হিসেবেই এগিয়ে যেতে দেখার ইচ্ছা পোষণ করেন। ২০১১ সালের ডিসেম্বরে তখনকার শিল্পমন্ত্রী ক্রিস্টিয়ান প্যারাডিস ব্ল্যাকবেরিকে ‘কানাডার রত্ন’ বলে উল্লেখ করেছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, লেনোভোর কাছে বিক্রি হতে গেলে সরকারি বাধার মুখে পড়তে হবে ব্ল্যাকবেরিকে। তবে যদি মূল নেটওয়ার্ক অবকাঠামো ব্যবসা রেখে ব্ল্যাকবেরির হ্যান্ডসেট ব্যবসা বেচে দেওয়ার কথা আসে, তবে তার অনুমতি মিলতেও পারে।
বর্তমানে ব্ল্যাকবেরি মোটামুটি লাভের ধারায় ফিরেছে। তিন বছর ধরে প্রতিষ্ঠানটিকে কাঠামোগত বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
ব্ল্যাকবেরির বর্তমান অবস্থা প্রসঙ্গে এর প্রধান নির্বাহী জন চেন জানিয়েছেন, ‘এখন ব্ল্যাকবেরির মূল ব্যবসাই হচ্ছে হ্যান্ডসেট ব্যবসা।’