ব্ল্যাকবেরিতে এখনই অ্যান্ড্রয়েড নয়
ব্ল্যাকবেরি স্মার্টফোনের নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) এবারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর মোবাইল ফোন তৈরির পরিকল্পনা থেকে সরে যাচ্ছে। এর আগে রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইল তৈরির পরিকল্পনা এবং অন্যান্য মোবাইল ফোন নির্মাতাদের জন্য ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছিলেন। থ্রস্টেন হেইন্স টেলিগ্রাফকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে তাঁর আগের পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘অ্যান্ড্রয়েডে না যাওয়ার যৌক্তিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।’হেইন্স জানিয়েছেন, অ্যান্ড্রয়েড নির্ভর মোবাইল ফোন তৈরি করলে রিম হয়তো ঘুরে দাঁড়াতে পারবে তবে ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা যে অভিজ্ঞতা চান তা অ্যান্ড্রয়েডের পক্ষে মেটানো সম্ভব হবে না। গেম ও মিডিয়া অভিজ্ঞতার ক্ষেত্রে ব্ল্যাকবেরির দক্ষতা বেশি।রিমের ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমকে ‘সিরিয়াস’ প্ল্যাটফর্ম উল্লেখ করে থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেম ‘ব্ল্যাকবেরি ১০’ এর দিকে তাকিয়ে রয়েছে রিম। এ অপারেটিং সিস্টেম হয়তো রিমের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে।উল্লেখ্য, স্মার্টফোন বাজারে স্যামসাং, অ্যাপল ও নকিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ে ধুঁকছে রিসার্চ ইন মোশন।