ব্ল্যাকবেরির সর্বশেষ ফোন!

প্রিভ নামে অ্যান্ড্রয়েডনির্ভর একটি ফোন তৈরি করছে ব্ল্যাকবেরি। বছরে যদি ৫০ লাখ স্মার্টফোন বিক্রি করতে না পারে, তবে পুরোপুরি ফোন তৈরি বন্ধ করে দিতে পারে ব্ল্যাকবেরি। সেই হিসাবে প্রিভ হতে পারে ব্ল্যাকবেরি থেকে আসা শেষ ফোন।
অ্যান্ড্রয়েড ও আইওএসের দখলে থাকা স্মার্টফোনের বাজারে নিজে থেকে চ্যালেঞ্জ নিচ্ছে কানাডার স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। প্রতিষ্ঠানটির লক্ষ্য—বছরে ৫০ লাখ ফোন বিক্রি অথবা ফোনের বাজার থেকে পুরোপুরি সরে যাওয়া।
ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা জন চেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির নতুন চ্যালেঞ্জের বিষয়টি জানান। চেন বলেন, ৫০ লাখ ফোন বিক্রি করতে না পারলে ব্ল্যাকবেরির কোনো লাভ আসবে না। এটা করতে ব্যর্থ হলে, ফোনের ব্যবসায় তালা মেরে দিতে হবে।
স্মার্টফোনের বাজারে এক সময় জনপ্রিয় ছিল ব্ল্যাকবেরি। কিন্তু অ্যান্ড্রয়েড ও আইফোনের প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাজারে টিকে থাকতে অ্যান্ড্রয়েডনির্ভর ফোন তৈরির ঘোষণা দিয়েছে ব্ল্যাকবেরি। বাজার গবেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েডচালিত প্রিভ স্মার্টফোনটি যদি বাজারে সাড়া জাগাতে ব্যর্থ হয়, তবে এটিই হতে পারে ব্ল্যাকবেরির তৈরি সর্বশেষ ফোন।
চেন মনে করছেন, অ্যান্ড্রয়েডনির্ভর ফোন তৈরি করে ব্ল্যাকবেরি হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে। এই স্মার্টফোনটিতে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ব্ল্যাকবেরির বেশ কিছু উন্নত ফিচার।