ব্ল্যাকবেরির হার্ডওয়্যার থেকে সরে যাচ্ছে রিম
ব্ল্যাকবেরি স্মার্টফোনের নির্মাতা হিসেবেই পরিচিত রিসার্চ ইন মোশন বা রিম। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স সম্প্রতি ব্ল্যাকবেরির হার্ডওয়্যার তৈরি করা থেকে সরে যাওয়ারই ইঙ্গিত দিয়েছেন। ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন তৈরির ক্ষেত্রে অন্যান্য হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাধার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি জার্মান পত্রিকা ডাই ভেল্টকে দেওয়া এক সাক্ষাত্কারে থ্রস্টেন হেইন্স তাঁর পরিকল্পনার কথা জানান। খবর রয়টার্সের।গত সোমবার প্রকাশিত এক সাক্ষাত্কারে থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে আনতে বিভিন্ন প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ব্যবহার করা হতে পারে। এ পরিকল্পনা গ্রহণ করলে রিমের অপারেটিং সিস্টেম ও হার্ডওয়্যার বিক্রি করা সহজ হবে। রিমের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে হেইন্স জানিয়েছেন, আমরা আগে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম সফলভাবে উন্মুক্ত করতে চাই। এরপর বাজার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে প্রযুক্তি সংশ্লিষ্ট বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমের কাছে বাজারে অবস্থান হারিয়েছে রিম।চলতি বছরের ৩১ জানুয়ারি ব্ল্যাকবেরি ১০ নির্ভর পণ্য আনার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে রিম। এ অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য এনে বাজারে ঘুরে দাঁড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকেরা ধারণা করছেন, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুইটি মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে রিম। নতুন মডেল দুটি হতে পারে ‘ব্ল্যাকবেরি জেড ১০’ ও ‘ব্ল্যাকবেরি এন সিরিজ’। এ ছাড়াও ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটারের ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি।অবশ্য ব্ল্যাকবেরির হার্ডওয়্যার কোন কোন প্রতিষ্ঠান তৈরি করবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি কানাডাভিত্তিক প্রতিষ্ঠানটি।