ব্ল্যাকবেরির ‘ফ্রি অ্যাপ্লিকেশন’
সম্প্রতি ব্ল্যাকবেরি সেবার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি না, কানাডিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের জন্য বিশেষ ধরনের স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুযোগ করে দিয়েছে। সেই সঙ্গে থাকছে ব্যক্তিপর্যায় ও করপোরেট ব্যবহারকারীদের জন্য নানা ধরনের বিক্রয়োত্তর সেবা।জানা গেছে, রিসার্চ ইন মোশন ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের যে ধরনের অ্যাপ্লিকেশন বিনা মূল্যে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে, তার বাজারমূল্য প্রায় ১০০ মার্কিন ডলার।এক মাসের জন্য ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। আজ বুধবার থেকে এ বিশেষ সুবিধা চালু হচ্ছে।রিসার্চ ইন মোশনের প্রধান নির্বাহী মাইক লাজারিদিস বলেন, ‘গত এক যুগ ধরে আমরা কেতাদের মন জয় করে আসছি। আমাদের ওপর রয়েছে তাদের অগাধ আস্থা। সময় এসেছে আমাদের তরফ থেকেও সেই আস্থার প্রতিদান দেওয়া।’ তিনি বলেন, ‘আমরা সব সময়ই ক্রেতাদের আস্থা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ব্ল্যাকবেরি সেবা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ দুঃখজনক পরিস্থিতিতে ব্যবহারকারীদের যেন আর না পড়তে হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, এমন আর হবে না।’ রয়টার্স।