বড় পরিসরে কম্পিউটার সোর্সের সার্ভিস সেন্টার
বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা দিন দিন বাড়ছে।তাই কম্পিউটারের কার্যক্রম সাবলীল রাখতে চাই সার্ভিস সেন্টার। সে কারণেই বেশ বড় পরিসরে সার্ভিস সেন্টার চালু করল কম্পিউটার সোর্স লিমিটেড। ঢাকার লালমাটিয়ায় (ব্লক সি, বাড়ি ৮/১৪) ৩০ হাজার বর্গফুট জায়গা নিয়ে এ সার্ির্ভস সেন্টার চালু করা হয়েছে। গতকাল বুধবার সকালে এর উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের চেয়ারম্যান সৈয়দা মেহের নিগার। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ, সার্ভিস সেন্টার পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা সাফকাতুল বদরসহ অনেকে। কম্পিউটার সোর্সের বিক্রয় পরিচালক এ ইউ খান জানান, কম্পিউটার সোর্স সবসময় ব্যবহারকারীদের সবচেয়ে ভাল সেবা দিতে চায়। নতুন এ সার্ভিস সেন্টার ব্যবহারকারীদের সকল প্রকার সুবিধা দেবার চেষ্টা করবে। সার্ভিস সেন্টারের পুরো জায়গায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা রাখা হবে। এখানে বিনামূল্যে গেম খেলার ব্যবস্থাও থাকবে। এই সার্ভিস সেন্টার সব ব্র্যান্ডে কম্পিউটার পণ্যের সেবা দেওয়া হবে। সাত তলা বিশিষ্ট এই সেন্টারে ৪৮ ঘন্টার মধ্যেই সমস্যার সমাধানসহ সকল প্রকার সেবা দেওয়ার চেষ্টা করবে। আগামী মাস থেকে ২৪ ঘন্টার সেবা দেবে কম্পিউটার সোর্সের এ সার্ভিস সেন্টার। —বাদল খান