বড় ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবেন বিজ্ঞানীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভূমিকম্পের কাছে মানুষ অসহায়৷ তবু আগে থেকে এই ভয়াবহ দুর্যোগের ব্যাপারে জানতে পারলে ক্ষয়ক্ষতি হয়তো অনেকটা কমানো যেতে পারে৷ সেই লক্ষ্যে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন বহুদিন ধরেই৷ এবার তাঁরা নতুন আশার সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন৷
চিলির উত্তরাঞ্চলে গত মাসে রিখটার স্কেলে আট দশমিক দুই মাত্রার যে ভূমিকম্প হয়, তার প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন মার্কিন ভূ-তাত্ত্বিক এমিলি ব্রডস্কি ও থর্ন লে৷ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সায়েন্স সাময়িকী৷ এতে বলা হয়, ভূমিকম্পের প্রতিক্রিয়া নিয়ে তৈরি পরিসংখ্যানে দেখা যায়, কোনো অঞ্চলে ভূমিকম্প প্রবণতা বৃদ্ধি পেলে সেখানে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তৈরি হয়৷ অবশ্য বড় কোনো ভূমিকম্পের আগে ছোট ছোট একাধিক ভূমিকম্প হলেও এ ধরনের ঘটনা অবধারিত নয়৷ আর কখন সেই বড় বিপর্যয়টি ঘটবে তার ইঙ্গিত চিহ্নিত করাই হচ্ছে বিজ্ঞানীদের জন্য ধঁাধা৷
২০১৩ সালে প্রকাশিত আর্থকোয়েক প্রিডিকশন: অ্যানসারস ইন প্লেইন সাইট বইয়ের লেখক ডেভিড ন্যাবহান বলেন, পৃথিবীজুড়ে বিভিন্ন ভূমিকম্প ও প্রতিক্রিয়া নিয়ে গবেষণা হয়েছে৷ পৃথিবীপৃষ্ঠের গভীরে প্রচণ্ড চাপের ফলে সেখানকার স্ফটিক থেকে বিভিন্ন বৈদ্যুতিক সংকেত আসে৷ এসব সংকেত পরিমাপের মাধ্যমে ভূমিকম্পপ্রবণ এলাকায় ভূ-পৃষ্ঠ ও পানির উচ্চতা, এবং ভূ-অভ্যন্তরে গ্যাসীয় অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়৷ এ ছাড়া উচ্চ-ক্ষমতার প্রোটন বিস্ফোরণের ব্যাপারটিও খেয়াল রাখা হয়৷
নির্দিষ্ট এলাকায় সাম্প্রতিক বড় মাত্রার ভূমিকম্প-পরবর্তী অবস্থা ও ইতিহাস নিয়ে ব্রডস্কি ও লে গবেষণা চালান৷ চিলির ভূমিকম্পের পাশাপাশি জাপানের তহোকুতে ২০১১ সালে সংঘটিত একটি ভূমিকম্পের তথ্যও তাঁরা বিশ্লেষণ করে দেখতে পান, ওই দুটি অঞ্চলে আগে ধারাবাহিকভাবে ছোটখাটো কয়েকটি ভূমিকম্প হয়েছিল৷ চিলির উত্তরাঞ্চলীয় উপকূলের অদূরে বড় ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ আগে মাঝারি থেকে বড় মাত্রার একাধিক ভূমিকম্প হয়৷ তবে ওই এলাকা বা জাপানের তহোকুতে এর আগে ১০০ বছরেও বড় মাত্রার ভূমিকম্প হয়নি৷ সিবিএস নিউজ৷