বড় হয়ে গুগলে কাজ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোয়ি ও তার বাবা অ্যান্ডি ব্রিজওয়াটার
ক্লোয়ি ও তার বাবা অ্যান্ডি ব্রিজওয়াটার

সাত বছরের এক শিশুর ভাবনা কী হতে পারে? একটু ত্যাঁদড় গোছের হলে হয়তো ভাবত, ‘আজ যদি স্কুলে যেতে না হতো!’ নিশ্চয় ভাবত না যে বড় হয়ে গুগলে চাকরি করব। সাত বছর বয়সী ব্রিটিশ শিশু ক্লোয়ি ব্রিজওয়াটার সেই কাজটিই করেছে। গুগলে চাকরি করার জন্য আবেদনপত্র পাঠিয়েছে। তা-ও আবার স্বয়ং গুগলপ্রধান সুন্দর পিচাইয়ের কাছে। সেই চিঠির উত্তরও দিয়েছেন সুন্দর পিচাই।
চিঠিতে ক্লোয়ি লিখেছে যে সে বড় হয়ে গুগলে চাকরি করতে চায়। একটা চাকরি করলে কি তার চলবে? তাই সে লিখেছে, ‘এবং আমি একটি চকলেটের কারখানায়ও চাকরি করব এবং আমি অলিম্পিকে সাঁতারও কাটব।’
নিজের দক্ষতার কথাও উল্লেখ করতে ভোলেনি ক্লোয়ি। সে লিখেছে, ‘আমি কম্পিউটার পছন্দ করি এবং আমার একটা ট্যাবলেটও আছে, যাতে আমি গেম খেলি।’
চিঠিটি পড়ে আরও জানা যায়, ক্লোয়ি ক্লাসেও খুব ভালো করছে। এটা মনে হয় চিঠিতে না লিখলেও সুন্দর পিচাই বুঝতেন। চিঠিতে তার পাঁচ বছর বয়সী ছোট বোনের কথাও লিখেছে ক্লোয়ি। সর্বোপরি পুরো চিঠিটি খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল সুন্দর পিচাইয়ের জন্যও। তাইতো তিনি চিঠির উত্তর দিয়ে অবাক করে দিয়েছেন ক্লোয়ি ও তার পরিবারকে। সুন্দর পিচাই লেখেন, ‘আমি মনে করি, তুমি যদি কঠোর পরিশ্রম চালিয়ে যাও এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, তাহলে তুমি তার সবকিছুই অর্জন করতে পারবে যা কিছু ঠিক করে রেখেছ—গুগলে কাজ করা থেকে অলিম্পিকে সাঁতার কাটা পর্যন্ত।’ সুন্দর আরও বলেছেন যে ক্লোয়ি আগে স্কুল শেষ করুক তারপর আবেদন করুক। তিনি অপেক্ষা করবেন।
দুটি চিঠিই সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড-ইনে প্রকাশ করেছেন ক্লোয়ির বাবা অ্যান্ডি ব্রিজওয়াটার। তিনি খুবই আনন্দিত। আর আনন্দিত হবেন না-ই বা কেন? এই সবকিছুর পেছনে কাজ করেছে তাঁর উৎসাহ ও দিকনির্দেশনা। বাবার কাছ থেকেই ক্লোয়ি প্রথম জানতে পারে গুগল অফিস ও গুগল অফিসের বিন-ব্যাগ চেয়ার, গো-কার্ট ও স্লাইড সম্পর্কে, যা তাকে সেখানে কাজ করার ব্যাপারে উৎসাহিত করেছে।

অনামিকা মণ্ডল, সূত্র: বিজনেস ইনসাইডার