বড়দিনের খানা
কাল বড়দিন। কেক পুডিং খাওয়া তো হবেই, বিশেষ খাবারও তৈরি হবে। সে রকম কিছু রেসিপি দিয়েছেন রূপসী বাংলা হোটেলের শেফ পিন্টু রোজারিও।

ক্রিসমাস পাম পুডিং
উপকরণ: বিভিন্ন রকম ফলের মিশ্রণ ৩৫০ গ্রাম, চিংড়ি ১০০ গ্রাম, ব্রাউন ডার্ক সুগার ১০০ গ্রাম, পানি ১০০ মিলিলিটার, ওয়াল নাট ১০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, ব্রেড ক্রাম ১০০ গ্রাম, ময়দা ৫০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, জায়ফল আধা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, মিক্সড মসলা ২ চা-চামচ, লাল চেরি ১০০ গ্রাম, ডিম ৩টি এবং বাদামের গুঁড়া ১০০ গ্রাম।
প্রণালি: প্রথমে বিভিন্ন ফলের মিশ্রণের সঙ্গে চিংড়ি, চিনি, পানি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ২৪ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে এর সঙ্গে ওয়াল নাট, বাদাম, বাদামের গুঁড়া, ব্রেড ক্রামসহ অন্য সব উপাদান মিশিয়ে ফ্রিজে রাখতে হবে। ২৪ ঘণ্টা ভালোমতো নাড়াচাড়া করে পরিমাণমতো ছাঁচে ঢেলে স্টিম বেক করতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা।

রোস্টেড হোল টার্কি উইথ সেইজ স্টাফিং
উপকরণ: ৪ টেবিল চামচ মাখন, ২টি পেঁয়াজ কুচি, সেলারি কুচি ২টি, চিকেন স্টক ৩ কাপ, ব্রেড কিউব, পার্সলে কুচি, সেজ, ডিম ২টি, লবণ ও গোলমরিচ পরিমাণমতো, ময়দা সিকি কাপ এবং একটি টার্কি।
প্রণালি: প্রথমে টার্কিটি লবণ, গোলমরিচ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। এরপর ওভেনে রোস্ট করতে হবে। সবশেষে গরম তেলে পেঁয়াজ হালকা ভেজে এর সঙ্গে সব উপাদান মিশিয়ে ভালোভাবে রোস্ট করতে হবে।

ক্রিসমাস কেক
উপকরণ: মাখন এক কেজি, চিনি এক কেজি, ব্ল্যাক জ্যাক ২০০ মিলিলিটার, ময়দা ১৩০০ গ্রাম, বেকিং পাউডার ১০ গ্রাম, জায়ফল গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি গুঁড়া আধা চা-চামচ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, আদা এক চা-চামচ, বিভিন্ন রকম ফলের মিশ্রণ তিন কেজি, কফি ২৫০ মিলিলিটার এবং ফেটানো ডিম ১২৫০ মিলিলিটার।
প্রণালি: পেস্ট্রি মিক্সারের সাহায্যে প্রথমে মাখন ও চিনি একসঙ্গে ভালোভাবে বিট করতে হবে। চিনি মোটামুটি গলে যাওয়ার পর ডিম দিতে হবে। চিনি পুরোপুরি গলে গেলে এর সঙ্গে ব্ল্যাক জ্যাক মিশিয়ে খামির তৈরি করতে হবে। এরপর পেস্ট্রি মিক্সারের গতি কমিয়ে দিয়ে ময়দা, বেকিং পাউডার, দারুচিনি, এলাচ, আদা সব একসঙ্গে খামিরের সঙ্গে মেশাতে হবে। সব শেষে দিতে হবে কফি মেশানো ফলের মিশ্রণ। এরপর পরিমাণমতো ছাঁচে ঢেলে বেক করতে হবে।

ডাক-আলা-অরেঞ্জ
উপকরণ: সিকি কাপ চিনি, ২ টেবিল চামচ পানি, ২ টেবিল চামচ ভিনেগার, ১ কাপ কমলার রস, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ কাপ চিকেন স্টক, লবণ ও গোলমরিচ গুঁড়া, সিকি কাপ মাখন, ২ টেবিল চামচ অরেঞ্জ স্কিন, ৮০০ গ্রাম হাঁস, আলু, পেঁয়াজ ও গাজর।
প্রণালি: প্রথমে ৮০০ গ্রাম ওজনের একটি হাঁসকে ভালোভাবে ধুয়ে তাতে লবণ, গোলমরিচের গুঁড়ার মিশ্রণ তেল দিয়ে মাখিয়ে ওভেনে অল্প তাপে রোস্ট করে নিতে হবে। এরপর একটি সসপ্যানে চিনি গরম করে এর সঙ্গে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে সস তৈরি করতে হবে। এর সঙ্গে রোস্ট, আলু, গাজর দিয়ে পরিবেশন করতে পারেন।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ