বড়দিনের হোটেল আয়োজন
আগামীকাল ২৫ ডিসেম্বর। বড়দিনকে সামনে রেখে ঢাকার তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। সব বয়সীদের জন্য হোটেলগুলোতে আছে নানা আয়োজন। এসবেরই খোঁজখবর থাকছে এখানে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
প্রতিবারের মতো এবারও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে থাকছে নানা আয়োজন। হোটেলের লবিতে ক্রিসমাস ট্রি, উপহারের ঘর ও বর্ণিল আলোকসজ্জা থাকছে। এমনকি হরেক রকমের বিস্কুট ও কুকিও পাওয়া যাবে লবিতে। চাইলে কিনতেও পারবেন। ২৫ ডিসেম্বর সুইমিংপুলের পাশে ‘ওয়েসিস’-এ শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকবে। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এখানে শিশুদের জন্য থাকবে নানা রকম খেলা, জাদু প্রদর্শনী। বড়দিন এবং নববর্ষ উপলক্ষে হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় থাকবে ‘স্পেশাল ফাইভ কোর্স ডিনার’। এ ছাড়া ওয়েসিস ও সুইমিংপুলে বিশেষ বারবিকিউ নাইটও হবে। এই অনুষ্ঠানের প্রবেশ টিকিট পেতে হোটেলের লবিতে সরাসরি যেতে পারেন। যোগাযোগ: ৮১৪০৪০১

র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের লবিতে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে জিনজার ব্রেড হাউস ‘সুগার অ্যান্ড স্পাইস’, যেখানে থাকছে ক্রিসমাস বিশেষ কেক ও পেস্ট্রি, ক্রিসমাস পুডিং, ইউল লগ, ফ্রুট কেকসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। সিগনেচার রেস্টুরেন্ট সাবলাইমে থাকছে বিশেষ খাবারের আয়োজন। এ ছাড়া স্পাইস অ্যান্ড রাইস রেস্টুরেন্ট ও ওয়াটার গার্ডেন ব্রেসারিতে থাকছে ক্রিসমাস উপলক্ষে মজাদার সব খাবারের ব্যবস্থা। আর লবিতে সাজানো থাকবে ‘সান্তা ক্লজ পোজিং বোর্ড’, যেখানে ছবি তুলে আপনিও হতে পারবেন সান্তা ক্লজ।

রূপসী বাংলা হোটেল
বড়দিন উপলক্ষে রূপসী বাংলা হোটেলে থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। মুখরোচক কুকিস, কেক ও পুডিং পাবেন এখানে। স্টোলেন ব্রেড, গোল্ডেন কর্ন, হোলমিলসহ নানা রকমের রুটি থাকছে এবার। ২৫ ডিসেম্বর রূপসী বাংলা হোটেলে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। হোটেলের বিথিকা রেস্টুরেন্টে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকায় খেতে পারবেন বুফে খাবার।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট
নানা ভাবে সাজানো হয়েছে ঢাকা রিজেন্সি হোটেল। ২৫ ডিসেম্বর হোটেলের রুফটপ গার্ডেনে রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ থাকবে বিশেষ আয়োজন। সকাল ১০টা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুষ্ঠান। সেখানে শিশুদের জন্য থাকছে টয় ট্রেন, বাউন্সি, বল হাউস, জাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। এ ছাড়া বড়দিনের দিন তো বটেই, আগের দিনও হোটেলের রেস্টুরেন্ট ‘গ্রান্ডডিয়স’ এবং ‘গ্রিল অন দ্য স্কাইলাইনে’ থাকবে দুপুর ও রাতের খাবারের বিশেষ আয়োজন।
যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১
ওয়েস্টিন ঢাকা
বড়দিনে ওয়েস্টিনের গ্র্যান্ডবল রুমে শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকছে। তাদের জন্য ডিজে শো, জাদু প্রদর্শনী, খেলাধুলা, কাপ কেক তৈরি করা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রবেশের টিকিট পেতে যোগাযোগ: ৯৮৯১৯৮৮।