বড়লোকদের কাছে ফোন বেচতে চায় হুয়াওয়ে
স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে শীর্ষে যাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ জন্য তাদের লক্ষ্য—বড়লোক ক্রেতা। হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইয়ু সম্প্রতি এক সাক্ষাৎকারে সিএনবিসিকে বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর পরিবর্তে হুয়াওয়ে উন্নত দেশগুলোতে বেশি নজর দিচ্ছে। ইতিমধ্যে চীনের বাজারে হুয়াওয়ে অনেক ভালো করেছে। এবারে বৈশ্বিক পর্যায়ে প্রথম হওয়ার লড়াইয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ইয়ু বলেন, উন্নত দেশগুলোর অর্থনীতি উন্নত। সেখানে ক্রেতাদের ক্রয়ক্ষমতা বেশি। তাই উন্নয়নশীল দেশগুলোর বদলে উন্নত দেশগুলোতে নজর হুয়াওয়ের।
স্মার্টফোনের বাজার সম্পর্কে ইয়ু বলেন, সবাই জানেন, বেশি দামের ফোনগুলোতে লাভ বেশি। সাশ্রয়ী দামের ফোনগুলোতে কোনো লাভ নেই। মাঝারি দামের ফোনগুলোতে সামান্য কিছু লাভ থাকে। সত্যি বলতে কি, কম দামের ফোনের ক্ষেত্রে হুয়াওয়ের কোনো আগ্রহ নেই। প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকা হুয়াওয়ে বেশি দামের ব্যবহারকারীদের জন্য আরও বেশি ফিচার যুক্ত করতে পারবে। কারণ, এসব ক্রেতা উন্নত নকশা ও উন্নত অভিজ্ঞতাকে গুরুত্ব দেন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর বিশ্বের তৃতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা এখন হুয়াওয়ে। বাজারে এক-দশমাংশ হুয়াওয়ের দখলে। কিন্তু স্মার্টফোন বিক্রি থেকে লাভ করতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। গত বছরে বাজারে স্যামসাংয়ের দখলে ছিল ২২ শতাংশ আর অ্যাপলের ১৫ শতাংশ। সে হিসেবে হুয়াওয়ে এখনো পিছিয়ে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের মূল বাজারগুলোর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে খুব বেশি ভালো করতে পারছে না প্রতিষ্ঠানটি। ক্যানালিসের বিশ্লেষক মো জিয়া বলেন, যুক্তরাষ্ট্রে অবশ্যই ভালো করতে হবে।
সম্প্রতি হুয়াওয়ে কর্তৃপক্ষ বলেছে, এ বছরের প্রথমার্ধে স্মার্টফোন বিক্রি অনেকটাই বেড়েছে হুয়াওয়ের। এ সময় ২০ দশমিক ৬ শতাংশের বেশি স্মার্টফোন বাজারে এসেছে। বছরের প্রথমার্ধে ৭ কোটি ৩০ লাখ ফোন বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয়ার্ধেও তারা এ ধারা অব্যাহত রাখতে চায়। গত বছরে মোট ১৩ কোটি ৯০ লাখ ইউনিট ফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে অবশ্য ইউরোপের বাজারে কিছুটা ভালো অবস্থানে রয়েছে হুয়াওয়ে। ইউরোপের বাজারে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠানটির। হুয়াওয়ের লক্ষ্য সম্পর্কে ইয়ু বলেন, ‘রোম একদিনে তৈরি হয়নি। সবকিছু ধাপে ধাপে করা হবে। যুক্তরাষ্ট্র হবে পরবর্তী লক্ষ্য। তাদের উন্নত পণ্য দরকার, বিশেষ করে হুয়াওয়ের মতো উন্নত নির্মাতার কাছ থেকে উদ্ভাবনী পণ্য দরকার।’
উন্নত অভিজ্ঞতা দিতে বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য অন্যতম ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লেইকা। বিশ্লেষকেরা একে হুয়াওয়ের সফলতা হিসেবে দেখছেন।

হুয়াওয়ের নতুন স্মার্টফোন
অ্যাপলকে টেক্কা দিতে পরিকল্পনা সাজাচ্ছে হুয়াওয়ে। এ বছর শেষ হওয়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত স্মার্টফোনের প্রসেসর আনতে পারে প্রতিষ্ঠানটি। এটি হবে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমান প্রসেসর। অ্যাপলের আইফোন ৮ যখন বাজারে আসবে, তখন এই প্রসেসরচালিত ফোন বাজারে ছাড়বে হুয়াওয়ে। সেপ্টেম্বর মাস নাগাদ হুয়াওয়ে নতুন স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। হুয়াওয়ের সম্ভাব্য ফোনটির নাম হতে পারে ‘মেট ১০’। হুয়াওয়ের দাবি, নতুন ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি আর উন্নত ক্যামেরা থাকবে।
হুয়াওয়ের কর্মকর্তারা দাবি করেছেন, স্যামসাং ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে বিশাল পরিকল্পনা আছে হুয়াওয়ের। স্মার্ট ও বুদ্ধিমান স্মার্টফোন তৈরি করে শীর্ষ যেতে চায় প্রতিষ্ঠানটি।
বাজারে অপো, ভিভোর মতো চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ু বলেন, উন্নত প্রযুক্তি, উদ্ভাবন ও উন্নত অভিজ্ঞতা প্রয়োজন। ক্রমাগত বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি হয়।

কেউ কাউকে ছাড় দেবে না
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, চীনের স্থানীয় স্মার্টফোনের বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাপল ও স্যামসাংয়ের পরিবর্তে চীনা ব্র্যান্ডগুলো ভালো করছে। বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন—এ তিন মাসে হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমি মিলে বাজারের ৬৯ শতাংশ দখল করেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের ব্র্যান্ডগুলোর মধ্যে দুর্দান্ত সময় গেছে শাওমির। কয়েক প্রান্তিক ধরে ধুঁকতে থাকা ‘চীনের অ্যাপল’খ্যাত শাওমি গত তিন মাসে ইতিবাচক ধারায় ফিরেছে। বার্ষিক প্রবৃদ্ধির হিসেবে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ২০ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে প্রতিষ্ঠানটির। ২০১৬ সালে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেনি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, ২০১৬ সালে চীনের বাজারে পঞ্চম স্থানে চলে গিয়েছিল শাওমি। তবে, এ বছরে দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের চতুর্থ স্থানকে টপকে গেছে প্রতিষ্ঠানটি।
শাওমির সফলতার পেছনে বড় মাপের ফ্ল্যাগশিপ ফোন এমআই ৬ ও রেডমি নোট ফোর এক্স মডেলটির জনপ্রিয়তার কথা বলছেন বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের বিশেষজ্ঞ তরুণ পাঠক।

অ্যাপলকে ঠেকাও
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পর্যায়ে অ্যাপলের আইফোন বিক্রি কমছে। ২০১৭ সালের প্রথম তিন মাসে চীনের হুয়াওয়ে, অপো ও ভিভো মিলে বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২৪ শতাংশ দখল করে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। স্মার্টফোন বাজারে অবশ্য শীর্ষস্থানটি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ধরে রেখেছে। বাজারের ২০ দশমিক ৭ শতাংশ দখল স্যামসাংয়ের। অ্যাপলের দখলে ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক দাম, উন্নত স্মার্টফোন, আগ্রাসী বিপণন, প্রচারে ক্রমশ ব্যবধান ঘুচিয়ে আনছে চীনা প্রতিষ্ঠানগুলো।
আইডিসির বিশ্লেষকেরা মনে করছেন, আইফোন বিক্রি কমে যাওয়াটা সাময়িক। কারণ, অ্যাপল-ভক্তরা অপেক্ষায় আছেন আইফোন ৮-এর। এ বছর অ্যাপলের ১০ বছর পূর্ণ হচ্ছে। কোনো না কোনো চমক দেবে প্রতিষ্ঠানটি। ক্রেতারা তাই নতুন ফোনের আশায় আছেন। আইফোন চমক দিতে পারলেই আবার ঘুরে দাঁড়াবে অ্যাপল। অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং প্রস্তুত হয়ে আছে ‘নোট ৮’ নিয়ে। আর হুয়াওয়ে আনছে ‘মেট ১০’। অপো আর শাওমি কি বসে থাকবে?
সিএনবিসি, টেকনোড, বিজিআর, আইবিটাইমস অবলম্বনে মো. মিন্টু হোসেন