বয়স লুকাতে কৃত্রিম ত্বক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের ছাপ লুকাতে কত চেষ্টাই না করে মানুষ। কেউ কেউ অস্ত্রোপচার পর্যন্ত করান। তবু একটা সময় এসব ব্যর্থ হয়। ত্বকে ফুটে ওঠে বলিরেখা বা বয়সের ভাঁজ। এ নিয়ে যাঁরা চিন্তিত, তাঁদের সুখবর শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।
হার্ভার্ড মেডিকেল স্কুল ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ওই গবেষক দল একটি প্রায় অদৃশ্য স্থিতিস্থাপক আবরণ তৈরি করেছে। গবেষক দলের দাবি, এটা দিয়ে বলিরেখা আড়াল করা সম্ভব। প্রসাধনপণ্য হিসেবে একসময় এই ‘কৃত্রিম ত্বকের’ ব্যাপক চাহিদা তৈরি হতে পারে।
কৃত্রিম ত্বকটি হলো সিলিকন ও অক্সিজেন অণুর সমন্বয়ে পরীক্ষাগারে তৈরি পলিসিলোক্সেন পলিমার। কৃত্রিম হলেও এটা আসল ত্বকের আদলেই তৈরি। বিজ্ঞানীদের দাবি, মূল ত্বকের ওপর একটি সুরক্ষা স্তর সৃষ্টি করে এ কৃত্রিম ত্বক। আর্দ্রতা থেকে মূল ত্বককে রক্ষার পাশাপাশি এর স্থিতিস্থাপকতাও বাড়িয়ে দেয় এটি। তবে বাতাস ও আলোর প্রবাহে কোনো বাধা তৈরি করে না। স্বেচ্ছাসেবকদের ওপর প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে।
এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার ম্যাটেরিয়ালস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক এমআইটির অধ্যাপক রবার্ট ল্যাঙ্গার বলেন, তাঁরা একটি অদৃশ্য এবং পানি ও পরিবেশের অন্যান্য উপাদানের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী কৃত্রিম ত্বক বানানোর চেষ্টা করেছেন। বয়স লুকানোর পাশাপাশি ত্বকের বিভিন্ন অসুখের চিকিৎসায় কৃত্রিম এই ত্বকের উপযোগিতা এখন যাচাই করছেন তাঁরা। তবে এই কৃত্রিম ত্বক বাজারজাত করার আগে আরও গবেষণা দরকার। সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও ‘নিরাপদ’ ছাড়পত্র পেতে হবে।