যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এখন অন্য যেকোনো গ্রুপের তুলনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের আনাগোনা বেশি। দিনে দিনে তাঁদের সংখ্যা বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন এ তথ্য দিয়েছে। নিয়েলসেন জানায়, ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ফেসবুকের সদস্যসংখ্যা ৪১ শতাংশ বেড়েছে। একই অবস্থা মাইক্রোব্লগিং সাইট টুইটারেও। সেখানেও তরুণদের চেয়ে বৃদ্ধদের আনাগোনা বেশি। তবে নিয়েলসেনের গবেষণা থেকে পাওয়া তথ্যের সঙ্গে চলতি মাসের গোড়ার দিকে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের কোনো মিল নেই। ইউকে অনলাইন মিজারমেন্ট কোম্পানির (ইউকম) ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফেসবুক ও টুইটারের জনপ্রিয়তা কমছে। নিয়েলসেনের গবেষণায় দেখা গেছে, গত মে মাসে যুক্তরাজ্যে দুই কোটি ৬৮ হাজার মানুষ ফেসবুক ব্যবহার করেছে। একই মাসে টুইটার ব্যবহার করেছে ৬০ লাখেরও বেশি মানুষ। এর আগের মাসের চেয়ে এই সংখ্যা ৩৪ শতাংশ বেশি। মে মাসে টুইটার ব্যবহারকারী ষাটোর্ধ্ব নারীর সংখ্যা ৯৬ শতাংশ বেড়েছে। এ ব্যাপারে ফেসবুক বলেছে, যেভাবে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা তাদের ওয়েবসাইট ব্যবহার করছেন, তাতে আশা করা যাচ্ছে, খুব শিগগির তাদের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। তবে অনেকের আশঙ্কা, এভাবে বুড়োবুড়িরা ভিড় জমালে তরুণেরা হয়তো আর ফেসবুকেই থাকবেন না। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান