বয়োজ্যেষ্ঠ প্রার্থীদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বয়োজ্যেষ্ঠ প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। নির্বাচিতদের প্রায় সবাই সংগঠনটির বয়োজ্যেষ্ঠ সদস্য। আগে নির্বাহী কমিটির সদস্য ছিলেন এমন ছয়জন এবার বিজয়ী হয়েছেন। বর্তমান কমিটির সভাপতি, মহাসচিবসহ তিনজন পুনর্নির্বাচিত হয়েছেন। একেবারে নতুন মুখ হিসেবে কমিটিতে এসেছেন একজন। গত বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএসের ২০১২-১৩ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে রাত সাড়ে নয়টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। নির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্যের মধ্যে আজ বিকেলে পদবণ্টনের নির্বাচন হবে। এরপরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনা পরিষদ জানায়, এবারের নির্বাচনে ৬৮৯জন ভোটারের মধ্যে ভোট দেন ৫৯২জন। বাতিল হয়েছে ৮টি ভোট। একইসঙ্গে বিসিএসের সাতটি শাখা কমিটির নির্বাচনও সম্পন্ন হয়েছে। তবে শাখা কমিটির সবগুলোতে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিসিএসের নির্বাচনে সর্বোচ্চ ৩৭৯ ভোট পেয়েছেন এ টি শফিক উদ্দিন আহমেদ। নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন মো. জাবেদুর রহমান (প্রাপ্ত ভোট ৩৭১), মো. শাহিদ-উল-মুনীর (৩৫২), মো. ফয়েজউল্যাহ খান (৩৪০), মোস্তাফা জব্বার (৩২৮), মজিবুর রহমান (৩০৫) এবং মোহাম্মদ মইনুল ইসলাম (২৯১)। এঁদের মধ্যে মোস্তাফা জব্বার এবং শাহিদ-উল মুনীর টানা তিন মেয়াদে নির্বাচিত হলেন। —নিজস্ব প্রতিবেদক