ভক্তদের কারণেই স্বস্তিতে স্যামসাং

বিশ্লেষকদের চোখে সেপ্টেম্বর মাসটি স্যামসাংয়ের জন্য ‘বাজে’ মাস । ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭ ‘বিস্ফোরণ’ নিয়ে প্রতিষ্ঠানটিকে বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু স্যামসাং স্মার্টফোনপ্রেমীদের কারণে বাজে সময় কাটতে যাচ্ছে প্রতিষ্ঠানটির। স্যামসাং দাবি করেছে, ৯০ শতাংশের বেশি নোট ৭ ক্রেতা ফোনটি বদলে দেওয়ায় খুশি। তাঁরা অর্থ ফেরত নেওয়ার পরিবর্তে নতুন ফোন নিচ্ছেন।
স্যামসাংয়ের দাবি, গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনে কোনো সমস্যা নেই, সমস্যা ছিল ব্যাটারি সম্পর্কিত। তাই ক্রেতাদের নোট ৭ ও ৭ প্লাসের পরিবর্তে ব্যাটারি ত্রুটিমুক্ত ফোন বা অর্থ ফেরত নেওয়ার সুযোগ দেয় প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত বিক্রিত ফোনের মধ্যে ৫০ শতাংশ ক্রেতা ফোন বদলের অফারটি নিয়েছেন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এঁদের মধ্যে আবার ৯০ শতাংশ নতুন নোট ৭ নিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার অনেক ক্রেতা নোট ৭ –এর চার্জ না থাকা ও অতিরিক্ত গরম হয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন। স্যামসাং কর্তৃপক্ষ এ বিষয়টিকে ব্যাটারি–সংশ্লিষ্ট বিষয় নয় বলে উল্লেখ করেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নোট ৭–এর ব্যাটারি সমস্যার কারণে স্যামসাং স্মার্টফোন বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলবে কি না, তা জানতে কয়েক মাস লাগবে। তবে স্যামসাংয়ের ভক্তদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: ইয়াহু নিউজ।