ভক্তের জ্বালায় অতিষ্ঠ জাকারবার্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্বস্তিতে নেই। ইদানীং ভারতীয় এক ভক্ত ফেসবুকে জাকারবার্গ সম্পর্কে প্রশংসাসূচক বাক্য লিখছেন এবং তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এ কারণে জাকারবার্গের এই অস্বস্তি। শুধু তাই নয়, তিনি তাঁর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও করছেন। ডেইলি মেইল পত্রিকার খবরে বলা হয়েছে, প্রদীপ মানুকোন্ডা (৩১) নামের ওই ভক্ত একের পর এক বার্তা, ই-মেইল ও ই-কার্ড পাঠিয়ে যাচ্ছেন। এ ছাড়া তিনি হাতে লেখা চিরকুট ও ফুলও পাঠিয়েছেন জাকারবার্গের বাড়িতে। টিএমজেড নামে একটি ওয়েবসাইট দাবি করেছে, প্রদীপ মানুকোন্ডা সর্বক্ষণই জাকারবার্গকে অনুসরণ করছেন এবং তাঁর ওপর নজর রাখছেন। এ ছাড়া তিনি তাঁর পাঠানো বার্তায় যেসব বাক্য ব্যবহার করছেন, তা অনেকটা হুমকিমূলক। এ কারণে জাকারবার্গ তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা করছেন। টিএমজেড আরও জানায়, প্রদীপ মানুকোন্ডা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফেসবুকের কার্যালয়ে জাকারবার্গের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তিনি তাঁর পরিবারের জন্য কিছু অর্থ চাওয়ার জন্য দেখা করতে চাইছেন বলে জানিয়েছেন। পুলিশ জাকারবার্গকে বিরক্ত না করার জন্য মানুকোন্ডাকে মৌখিকভাবে হুঁশিয়ার করে দিয়েছেন। কিন্তু জাকারবার্গ (২৬) দাবি করেছেন, পুলিশের হুঁশিয়ারি সত্ত্বেও মানুকোন্ডা তাঁকে বিরক্ত করেই যাচ্ছেন। — ডেইল মেইলঅবলম্বনে রোকেয়া রহমান