ভবনের অগ্নিনিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুতল ভবনের প্রতিটি তলায় থাকতে হবে অগ্নিনির্বাপক ব্যবস্থা। ছবি: অধুনা
বহুতল ভবনের প্রতিটি তলায় থাকতে হবে অগ্নিনির্বাপক ব্যবস্থা। ছবি: অধুনা

একটা সুন্দর বিকেল কিংবা সুনসান রাত... মুহূর্তে বদলে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। অথচ একটু সাবধান থাকলেই হয়তো এই দুর্ঘটনা এড়ানো যায়। ঢাকা শহরজুড়ে উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট। সবগুলো না হলেও অনেকেই আজকাল অগ্নিকাণ্ড প্রতিরোধে আগাম ব্যবস্থা রাখছে। সিঁড়িকোঠা, গ্যারেজে দেখা যাচ্ছে অগ্নিনির্বাপক যন্ত্র। বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখাটা ঐচ্ছিক নয়, আবশ্যিক। এমনটাই জানা গেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। জরুরি অগ্নিনির্গমন পথ রাখাটাও আক্ষরিক অর্থেই ‘জরুরি’।
বহুতল ভবনে অগ্নিনির্বাপণব্যবস্থা রাখার ব্যাপারে রাজউকের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। এ বিষয়ে কথা হলো রাজউকের পরিকল্পনা বিভাগের সদস্য আবদুল মান্নানের সঙ্গে। তিনি বলেন, ‘বহুতল ভবনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। তারা অগ্নিনির্বাপণ-সংক্রান্ত সব ব্যবস্থা আছে বলে নিশ্চিত করলেই আমরা অনুমোদন দিই। এ ছাড়া সব বাড়ির জন্যই রয়েছে ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮। এই বিধিমালায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কী কী করণীয়, সেগুলো বিস্তারিত উল্লেখ আছে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই সেগুলো অনুসরণ করা উচিত।’
আগুন থেকে রক্ষা পেতে আগাম কী কী ব্যবস্থা রাখা প্রয়োজন, জানতে হলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েবসাইটে ঢুঁ মেরে দেখতে পারেন। এ ছাড়া বহুতল ভবনগুলোতে আগাম প্রস্তুতি হিসেবে কী ব্যবস্থা রাখা প্রয়োজন, সে ব্যাপারে কথা হলো ফায়ার সার্ভিসের অগ্নিপ্রতিরোধ বিভাগের সহকারী পরিচালক খন্দকার শামসুজ্জোহার সঙ্গে। তিনি বলেন, ধোঁয়ামুক্ত সিঁড়ি, ফায়ার অ্যালার্ম, জেনারেটার, হোসপাইপ, অগ্নিনির্বাপক যন্ত্র সব ধরনের আগাম ব্যবস্থাই রাখা উচিত। বহুতল ভবনগুলোর ক্ষেত্রে এগুলো বাধ্যতামূলক। ভবনের প্রতি তলায় অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। এমন স্থানে রাখতে হবে, যেন জরুরি প্রয়োজনে যে কেউ সেটি ব্যবহার করতে পারে। ভালো মানের অগ্নিনির্বাপক যন্ত্র হলে দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে। মানোত্তীর্ণ হয়ে গেলে অবশ্যই যন্ত্রটি পরিবর্তন করতে হবে।
ফায়ার সার্ভিসের সদস্য আবুল খায়ের একবার এক সাক্ষাৎকারে বলছিলেন, ‘আমরা চাই, আমাদের যেন কেবল মহড়া দিয়েই দিন কাটে। কোথাও যেন আমাদের ডাক না পড়ে। দুর্ঘটনা যদি না-ই ঘটে, আমাদের ডাকার প্রয়োজন পড়বে কেন?’ আবুল খায়েরের মতো আমাদেরও তা-ই চাওয়া। দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হলে এই চাওয়া পূরণ হতে পারে অনেকখানি।
বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেসব অগ্নিনির্বাপণব্যবস্থা রাখা জরুরি, সে সম্পর্কে জানতে পারবেন রাজউকের এই ওয়েব ঠিকানায়: www.rajukdhaka.gov.bd/rajuk/page/web/devcontrol/DhakaImaratNirmanBidhimala-2008.pdf
এ ছাড়া সতর্কতা অবলম্বনে ফায়ার সার্ভিসের দেওয়া পরামর্শগুলো পাবেন এই ওয়েব ঠিকানায়: www.fireservice.gov.bd/pages/114