ভবিষ্যতে পরিচয় নির্ধারণ হবে মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

প্রযুক্তি-বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে মানুষের পরিচয় নির্ধারণের প্রধান মাধ্যম হবে মুঠোফোন। স্পেনের বার্সেলোনার ফিয়েরা গ্রান ভিয়াতে আজ সোমবার সকালে (বাংলাদেশ সময় প্রায় বেলা দুইটা) শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ভবিষ্যদ্বাণী করেছেন বক্তারা।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চারদিকে উত্সবের আমেজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা দলে দলে ঢুকছেন। বিশ্বখ্যাত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন সেবা ও প্রযুক্তি সম্ভার নিয়ে বসেছে। মোবাইল সেবার সবচেয়ে বৃহত্ বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস-২০১৪-এর (জিএসএমএ) উদ্বোধনী দিনে এই দৃশ্য চোখে পড়েছে।
আজকের সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন আন্তর্জাতিক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনরের প্রধান নির্বাহী ও এবারের মোবাইল কংগ্রেসের মহাসচিব জন ফ্রেডরিক বাকসার। তিনি বলেন, মোবাইল ফোন মানুষের জীবন বদলে দিয়েছে। মানুষ দৈনন্দিন অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন এই মোবাইলের মাধ্যমে করতে পারেন। বিশেষ করে তৃতীয় (থ্রিজি) ও চতুর্থ (ফোরজি) প্রজন্মের নেটওয়ার্ক নির্ভর করে আগের থেকে অনেক দ্রুত কাজ করা যাচ্ছে।
বাকসার বলেন, ২০২০ সালের মধ্যে সারা বিশ্বে ২৫ কোটি মানুষ চতুর্থ প্রজন্মের দ্রুতগতির ইন্টারনেট সংযোগের আওতায় আসবে। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা মডেল থাকতে হবে। তাহলে সফলতা আসবে।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহত্ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ইটিসালাতের প্রধান নির্বাহী আহমেদ জুলকার বলেন, একটি মোবাইল হতে পারে একটি মানুষের পরিচয়পত্রের প্রধান উত্স। আমরা আমাদের দেশে সেই কাজ শুরু করে দিয়েছি। তিনি জানান, আমিরাতে স্মার্ট ফোন ব্যবহারের হার বিশ্বের সবচেয়ে বেশি। এখানে ৭৫ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করছে।

আমেরিকা মোবাইলের প্রধান নির্বাহী ডেনিয়েল হাজ বলেন, ‘আমরা আমাদের দেশে শিক্ষা, চিকিত্সা, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও মুঠোফোনে নির্ভরতার হার বেড়েছে।’ তাঁর মতে, দ্রুত ডিজিটাল পদ্ধতিতে গেলে দ্রুত উন্নতি করা সম্ভব।

সিংটেলের প্রধান নির্বাহী সুয়া সক কং বলেন, এখন মোবাইলে কথা বলার পাশাপাশি সামাজিক যোগাযোগ, ইন্টারনেটের ব্যবহারে ব্যাপকভাবে কাজে আসছে। এই গতি মানুষকে আরও এগিয়ে দেবে।

বক্তারা বক্তৃতা শেষে আলোচনায় বলেন মোবাইল অপারেটরদের বিকাশে সরকার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে একযোগে কাজ করতে হবে। অপারেটরদের অংশীদারদের সক্রিয় হতে হবে। ব্যবসার সঙ্গে সঙ্গে গ্রাহকদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কেননা তাঁরাই হচ্ছেন ব্যবসার মূল।

চার দিনের এই সম্মেলন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে ৯৪ হাজার বর্গমিটার এলাকায় বিশ্বের ২২০টি দেশের প্রায় এক হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিভিন্ন দেশের আলাদা প্যাভিলিয়ন রয়েছে। এই সম্মেলনে বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান তাদের কাজের বর্তমান ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরছে। সম্মেলনজুড়ে আছে সর্বশেষ বিভিন্ন প্রযুক্তি সেবার নমুনা।