ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে!! ভর্তি চলিতেছে!!!
গার্জিয়ান কোচিং সেন্টার
১ বছর ধরে সাফল্যের শীর্ষে
সন্তানের গোল্ডেন এ প্লাস প্রাপ্তি নিয়ে চিন্তিত? সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা জজ-ব্যারিস্টার বানানোর চিন্তায় আপনার ঘুম হয় না? সন্তানের ভালো রেজাল্ট দিয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীর থোঁতা মুখ ভোঁতা করে দিতে চান? ভর্তি হোন গার্জিয়ান কোচিং সেন্টারে (জিসিসি)!
আপনি যা হতে পারেননি, আপনার সন্তানকে নিশ্চয়ই সেটাই বানানোর স্বপ্ন দেখেন? তবে আর দেরি কেন? তবে আপনি যদি না জানেন, সন্তানকে কী করে কোচিং, প্রাইভেট আর স্কুলে দৌড়ের ওপর রাখতে হয়, তাহলে সে ভালো করবে কী করে? তাই আগে দরকার আপনার কোচিং। গড়পড়তা অভিভাবক থেকে ‘সচেতন অভিভাবকে’ রূপান্তরিত হতে আজই ভর্তি হোন জিসিসিতে!
আপনার সন্তানকে কোচিংয়ে পাঠান, নিশ্চিেন্ত সময় কাটান!
আমাদের বিশেষত্ব—
অবাধ্য সন্তানকে বাধ্য করার আন্তর্জাতিক মানসম্পন্ন কোর্স।
সপ্তাহে তিন দিন অভিজ্ঞ ও সফল অভিভাবকদের ক্লাস।
নামকরা স্কুলে ভর্তি করানোর শর্টকাট লেসন।
সন্তান লেখাপড়া করে, নাকি লেখাপড়ার ভান করে, তা নিশ্চিত করার বিশেষ সূত্র সরবরাহ।
বাসায় সন্তানদের পড়া ধরার সুবিধার্থে সিলেবাসের পড়া অতি সহজ মেথডে শেখানোর সুবিধা।
এ ছাড়া থাকছে: সন্তান কোচিংয়ে থাকার সময় অন্যদের সঙ্গে আড্ডা দেওয়া ও অন্যান্য অভিভাবকের সঙ্গে কথায় টক্কর দেওয়ার বিশেষ সাপ্তাহিক কোর্স।
জিসিসিতে ভর্তি হলে আপনি যা শিখবেন—
সময় বাঁচিয়ে সন্তানকে সবচেয়ে বেশিসংখ্যক কোচিং করানোর কৌশল।
সন্তানকে সর্বোচ্চসংখ্যক গৃহশিক্ষকের কাছে পড়ানোর উপায়।
নামকরা স্কুলে চান্স পাওয়ার জন্য সন্তানদের দৈনিক ১৬-১৭ ঘণ্টা পড়ানোর দক্ষতা।
আগামী এক সপ্তাহজুড়ে বিশেষ ছাড়!
আজই ভর্তি নিশ্চিত করুন মাত্র ১০০০ টাকা বুকিং দিয়ে!
আসন সীমিত, আগে এলে আগে ভর্তি।
যোগাযোগ: গার্জিয়ান কোচিং সেন্টার
ব্যারামগেট (ডাস্টবিনের ডান পাশের গলি), ঢাকা, মোবাইল ফোন: ০১২৩০০৪৫০০৭৮, টিকাশ নম্বর: ০১৪২০৭৫৯২৫৪
* বিফলে মূল্য ফেরত
* দুর্বল অভিভাবকদের জন্য রয়েছে স্পেশাল ব্যাচের ব্যবস্থা
* সেরা অভিভাবকের জন্য থাকবে সন্তানসহ অক্সফোর্ডে পড়ার সুবর্ণ সুযোগ
আমাদের গতবারের কোর্স সম্পন্নকারীদের মধ্যে সবারই অভাবনীয় সাফল্য!
গতবারের সেরা অভিভাবকদের সেরা লায়লা বেগমের চিঠি—
আমার ছোট ছেলে দীপুকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম! মোটেও কথা শুনত না, পড়াশোনা করতে চাইত না। মোটকথা, আমি ওকে একেবারেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। ওর ভবিষ্যৎ নিয়ে হয়ে পড়েছিলাম শঙ্কিত! ভাগ্যিস, একদিন পাশের বাসার এক ভাবি এসে বললেন জিসিসির কথা। আরও কয়েকজনের কাছে খোঁজ নিয়ে জানলাম, জিসিসি আসলেই দুর্দান্ত। পরদিনই ভর্তি হলাম জিসিসিতে! আমার জীবনটাই পাল্টে গেল। এক মাস ক্লাস করতে না-করতেই দারুণ দক্ষ হয়ে উঠলাম আমি। দীপুকে ভর্তি করালাম আরও পাঁচটি কোচিং সেন্টারে। বাসায় রাখলাম আরও চারজন শিক্ষক। আর স্কুল তো ছিলই। সব মিলিয়ে ওকে বলতে গেলে দম ফেলারও সময় দিইনি।
জিসিসি আমাকে শিখিয়েছে কী করে দুষ্টু সন্তানকে বশে আনতে হয়। জিসিসি শিখিয়েছে কী করে গোল্ডেন এ প্লাস বের করে আনতে হয় সন্তানের ভেতর থেকে! জিসিসির অসামান্য অবদান ও আমার সামান্য চেষ্টায় দীপু এবার গোল্ডেন এ প্লাস পেয়েছে। ভবিষ্যতে ও ডাক্তার হতে চায়। আমি জানি, জিসিসি পাশে থাকলে সবই সম্ভব।
আপনিও ভর্তি হোন জিসিসিতে! সন্তানের ভবিষ্যৎ গড়ুন নিজের হাতে!
লায়লা বেগম
আন্ধার গলি, ঢাকা
দ্বিতীয় সেরা
মোখলেস মিয়া
হাঁদারামপুর, ঢাকা
তৃতীয় সেরা
পারভীন বানু
ভিরপুর, ঢাকা