ভাইবার বন্ধ, রাতে চালু

ইন্টারনেট সংযোগের মাধ্যমে কথা বলা ও খুদে বার্তা পাঠােনার জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো গতকাল থেকে বাংলাদেশে বন্ধ রয়েছে।
তবে রাত ১২টার পর কয়েকজন গ্রাহক জানান, ভাইবার চালু হলেও রিসিভ করা যাচ্ছিল না। বার্তা বিনিময় করা যাচ্ছে।
মুঠোফোন কোম্পানিগুলো বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা পেয়ে আপাতত এ দুটি সেবা বন্ধ রাখা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা।
এ বিষয়ে জানতে বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মুঠোফোন অপারেটর ও বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিটিআরসির পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা শনিবার রাতে সব মোবাইল অপারেটর ও আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠান। প্রথমে রোববার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেবা দুটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সেবা বন্ধ রাখার কথা বলা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোবাইলে কথা বললে অবস্থান নিশ্চিত হয়ে যাবে, এমন আশঙ্কায় বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাম্প্রতিক সময়ে পারস্পরিক যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করছেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ সারা হচ্ছে ভাইবার ব্যবহার করে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা দুটি বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় মোবাইল কোম্পানি ও আইজিডব্লিউর কাছে।
তবে আগে থেকে না জানিয়ে বিনা নোটিশে এভাবে সেবা দুটি বন্ধ করে দেওয়ায় অনেক গ্রাহক ক্ষোভ জানিয়েছেন। বিভিন্ন অনলাইন, ফেসবুকসহ সামাজিক বিভিন্ন মাধ্যমেও এ সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে।
গ্রামীণফোন এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা ৩১ মিনিটে গ্রামীণফোন ও অন্য অপারেটররা বিটিআরসি থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধে লিখিত ও মৌখিক নির্দেশনা পায়। যোগাযোগমাধ্যম দুটি বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন।
আর রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর প্রথম আলোকে বললেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভাইবার ও ট্যাঙ্গো সেবা বন্ধ রেখেছে রবি।
অনলাইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ২৮ কোটি নিবন্ধনকৃত ব্যবহারকারীর মধ্যে প্রতি মাসে গড়ে ১০ কোটি মানুষ ভাইবার ব্যবহার করে থাকে। বিনা মূল্যে কথা বলার সুযোগের কারণে বিশ্বব্যাপী এ সেবা বেশ জনপ্রিয়। কথা বলা ও চ্যাট করা ছাড়াও ছবি, অডিও-ভিডিও ও স্থান শেয়ার করা যায় ভাইবার দিয়ে। থ্রিজি, ফোরজি ও ওয়াইফাই নেটওয়ার্কে কাজ করে থাকে ভাইবার।