ভাইবারসহ পাঁচ সেবা আজই চালু হবে কি না নিশ্চিত নয়
ভাইবার, ট্যাঙ্গোসহ পাঁচটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধের সময়সীমা আজ বুধবার মধ্যরাত পর্যন্ত থাকলেও আজ চালু হবে কি না, তা নিশ্চিত নয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। মুঠোফোন কোম্পানি কিংবা আইজিডব্লিউগুলোর কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানা গেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে গত শনিবার ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করার পর সোমবার বিটিআরসির এক নির্দেশনায় এ সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
বিটিআরসির এ নির্দেশনার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং অনলাইনগুলো তীব্র সমালোচনায় মুখর হন ব্যবহারকারীরা। অনেকের মধ্যে আশঙ্কার কথাও উঠে আসে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় অন্যান্য মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসে কি না, সে আশঙ্কাও প্রকাশ পাচ্ছে অনেক ব্যবহারকারীর কথায়।
এবার বন্ধ হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইনবিনা খরচে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের এসব মাধ্যম বন্ধ হওয়ার পর বিকল্প মাধ্যমের খোঁজেও লেগে যান তাঁরা। বেশ কয়েকজন ব্যবহারকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা প্রয়োজনের তাগিদেই এখন অন্য সেবা খুঁজে নিয়েছেন।
করপোরেট চাকুরে নাসিমুল হাসান প্রথম আলোকে বলেন, প্রযুক্তির এ সময়ে প্রযুক্তিকে আটকে রাখা অসম্ভব। এসব সেবা বন্ধ করার মধ্য দিয়ে সরকার প্রযুক্তিকে নিরাপত্তার কাজে ব্যবহার না করে নিরাপত্তাহীনতার একটি অনুষঙ্গ হিসেবে পরিচিত করে তুলছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার প্রথম আলোকে জানিয়েছিলেন, ইন্টারনেটের এসব সেবা গ্রহণকারীকে শনাক্ত করার যন্ত্র বসানো হচ্ছে। সেটি হলেই এসব সেবা আগের মতো পাওয়া যাবে। এ ক্ষেত্রে দু-এক দিন সময় লাগতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, যে পরিস্থিতিতে ভাইবারসহ এসব সেবা বন্ধ করা হয়েছে, সে পরিস্থিতির পরিবর্তন হয়নি। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শনাক্তকরণ যন্ত্রও বসানো হয়নি। তাই এসব সেবা নিষেধাজ্ঞামুক্ত হবে কি না নিশ্চিত নয়।