ভাতঘুমের সুযোগ দিতে সিয়েস্তা-অ্যাপ

নিঃসন্দেহে একসময় স্প্যানিশ সংস্কৃতি আর জনজীবনে জনপ্রিয়তার তুঙ্গে ছিল সিয়েস্তা বা হালকা ঘুমের আয়েশ। কিন্তু সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে স্প্যানিশদের মধ্যে মাত্র ১০ শতাংশ মানুষ হাল দুনিয়ার ব্যতিব্যস্ত জীবনে সিয়েস্তার সুযোগ পান। বাঙালির ভাতঘুমের মতো স্পেনীয় এই সিয়েস্তা বা দিনের বেলায় একটু আয়েশ করে খানিকটা ঘুমিয়ে নেওয়ার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রযুক্তি সহায়তা নিয়ে এগিয়ে এসেছে স্পেনের অ্যাপস নির্মাতাদের একটা দল। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এই প্রযুক্তির উদ্যোক্তারা বলেছেন, সিয়েস্তা-অ্যাপ নামে একটা বিশেষ অ্যাপ্লিকেশন মোবাইল ফোনে ইনস্টল করে নিয়ে তার সহায়তায় দিনের বেলায় সিয়েস্তার আরামে যেতে পারবেন যে কেউই। বিশেষ এই সফটওয়্যারটির নির্মাতা এনরিক মার্তিনেজ মাতেও বলেন, ‘সিয়েস্তা’কে আরও নির্ভাবনার আর নিশ্চিন্তের করার জন্যই বানানো হয়েছে সিয়েস্তা-অ্যাপ।
মাতেও আরও বলেন, ‘সিয়েস্তার চাবিকাঠি হল ঘুমের তৃতীয় স্তরে ঢুকে পড়ার আগেই জেগে ওঠা। আপনি যদি তৃতীয় স্তরে ঢুকে যান তাহলে তা শেষ না করে ওঠার উপায় নেই। আর তা শেষ না করে জেগে উঠলে মন-মেজাজ ভীষণ খিঁচড়ে যেতে পারে।’
মাতেও জানান, সিয়েস্তা-অ্যাপটি এমনভাবে বানানো হয়েছে যে এটা ব্যবহারকারীর শ্বাস-প্রশ্বাসের গতি পর্যবেক্ষণ করে তার ঘুমের খেয়াল রাখবে এবং যথাসময়ে অ্যালার্মের শব্দে তাকে জাগিয়ে তোলার কাজ করবে। এই প্রযুক্তি প্রস্তুতকারকেরা জানিয়েছেন, স্প্যানিশ ঐতিহ্যবাহী সিয়েস্তা বা দিনের বেলায় এই হালকা ঘুমের সময় সাধারণত ১৫ থেকে ২০ মিনিট হয়ে থাকে।
মাতেও আরও বলেন, বড় বড় নগরগুলোর কর্মব্যস্ত জীবনে সিয়েস্তা হারিয়ে গেলেও স্পেনের ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলে এখনো এই ঐতিহ্য বর্তমান। আর ছুটির দিন হলে তো কথাই নেই। দুপুরে একটু ভালো খাবার আর তারপর একটু সিয়েস্তা। এটা স্প্যানিশদের কাছে মহার্ঘ।
চিকিত্সাবিজ্ঞানীরাও দীর্ঘদিন ধরেই স্প্যানিশ এ ঐতিহ্যকে অত্যন্ত স্বাস্থ্যকর হিসেবে একে উত্সাহিত করে আসছেন। বিশেষজ্ঞরা বলে থাকেন দিনের বেলায় এমন একটু হালকা ঘুমিয়ে নেওয়া হূিপণ্ডের জন্য খুবই উপকারী। তা ছাড়া দিনে এমন হালকা ঘুম মন ভালো রাখে এবং চারপাশ সম্পর্কে সজাগ থাকতে সহায়তা করে।