ভাবিয়া খাইও মেলায়, (ধরা) খাইয়া কাঁদিও না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই বাণিজ্য মেলায় খাবারের স্টলগুলোয় চলছে ডাকাতি। অত্যন্ত নিম্নমানের খাবারের দাম শুনলে আগে খাবি খেতে হয়। এ বছর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর কিছুদিনের জন্য খাবারের দাম কমলেও কয়েক দিন পর যেই লাউ সেই কদু।

আমি তো চটপটির দাম জিজ্ঞেস করেই খেতে বসেছিলাম। তখন বললেন ৫০ টাকা প্লেট। এখন সাড়ে তিন শ টাকা চাইছেন কেন?

আহা! আমি তো বলেছি, শুধু চটপটির দাম ৫০ টাকা। তার ওপর ভাঙা ফুচকার দাম ৪০ টাকা, ধনেপাতা ২০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, মরিচের গুঁড়া ২০ টাকা, তেঁতুলের টক ৬০ টাকা...আর এতক্ষণ এখানে খেতে খেতে যে অন্যান্য খাবারের গন্ধ শুঁকলেন, তার দাম তো ধরিইনি!

ভ্যাট কাটছেন ভালো কথা। চালানপত্রটা দেন।

ধুর মিয়া! ওটা তো জায়গামতোই চালান হয়ে যাচ্ছে। পত্র দিয়ে আর কী করবেন?

না রে জগলু, ফেসবুক বন্ধ থাকাই ভালো ছিল। আমরা যে এ রকম গলাকাটা দাম রাখছি, ফেসবুকে সবাই বিভিন্ন গ্রুপের মাধ্যমে জেনে যাচ্ছে।

চিন্তা নিয়েন না, ওস্তাদ! দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি। বাকি ১১ কোটি রেডি হয়ে আছে বাঁশ খাওয়ার জন্য।

তবুও কেন বাণিজ্য মেলায় গিয়ে খেতেই হবে?

কারণ, বাংলাদেশের মানুষ সবচেয়ে আশাবাদী। বারবার ধরা খেয়েও তারা আশা রাখে একদিন না একদিন ঠিকই ন্যায্য দামে খেতে পারবে।