ভারত ও চীনে আসছে অ্যান্ড্রয়েড
গুগল ইনকরপোরেটেড তার মুঠোফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভারত ও চীনে রপ্তানি করার পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে গুগল অ্যাপল ও নকিয়ার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা জোরদার করতে চাইছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার ভারতে ও চীনে রপ্তানি করতে পারলে গুগল প্রচুর অর্থ আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। গুগল তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হুয়াবেই টেকনোলজিস কোম্পানি ও এলজি ইলেকট্রনিকস ইন-করপোরেশনের তৈরি কম মূল্যের ফোনসেটেও সংযুক্ত করতে চাইছে। এতে সব ধরনের গ্রাহক, বিশেষ করে এশিয়া ও ইউরোপের গ্রাহকেরা অ্যান্ড্রয়েড-চালিত মুঠোফোন ব্যবহার করতে পারবে। গুগলের প্রকৌশল শাখার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি রুবিন এক সাক্ষাত্কারে বলেন, ‘আমাদের এ উদ্যোগ একটি নীরব বিপ্লবের মতো। মুঠোফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চললে অন্যান্য সফটওয়্যার এতে সংযোজন করা যাবে এবং ব্যবহারকারীরা বহু প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন। ফলে মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার একটি সুযোগ সৃষ্টি হবে।’ গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেশনের মতে, ২০১৩ সালের মধ্যে মুঠোফোনে ১৩৫ কোটি ডলারের বিজ্ঞাপনের বাজার সৃষ্টি হবে। গত বছর মুঠোফোনের বিজ্ঞাপন থেকে আয় হয়েছে প্রায় ১০০ কোটি ডলার। গুগলের এ উদ্যোগের ব্যাপারে অ্যাপল বা নকিয়া এখনো কোনো মন্তব্য করেনি। —সিনেট অবলম্বনে রোকেয়া রহমান