ভারত-পাকিস্তান সাইবার যুদ্ধ!
ভারত ও পাকিস্তানের মধ্যে নীরবে চলছে সাইবার যুদ্ধ। সম্প্রতি ভারতের একজন পদস্থ কর্মকর্তার ওয়েবসাইট বেদখল হয়ে যাওয়ার (হ্যাকিং) ঘটনায় এ আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান সাইবার আর্মি নামের একটি গ্রুপ সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে কিংফিসার এয়ারলাইনসের প্রধান এবং সাংসদ বিজয় মাল্যের (www.mallyainparliament.com) ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়।হ্যাকিংয়ের পর ওয়েবসাইটে লেখা ছিল, ‘এটা পাক সাইবার আর্মির দখলে নেওয়া হয়েছে, যা এখন পাকিস্তানের সম্পদ।’ এ ছাড়া লেখা ছিল, ‘আগুনের সঙ্গে খেলা করছ, আর এটা কোনো বাচ্চাদের খেলা নয়।’ এমন সব তথ্য উসকে দিচ্ছে দুই দেশের মধ্যকার সাইবার যুদ্ধকে। তবে এমন সব লেখাতেই থেমে নেই হ্যাকারের দল। হ্যাকাররা আরও উল্লেখ করেছে, ‘আমরা শেষবারের মতো সাবধান করে দিচ্ছি যে এমন ভাবা ঠিক হবে না যে ভারতে পদস্থ কর্মকর্তাদের ওয়েবসাইট সাইবার দুনিয়ায় নিরাপদে আছে। আমরা সাইবার দুনিয়াতেও আক্রমণ করে তা ছিনিয়ে নেব!’ সাইটটি হ্যাকড হওয়ার পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক সাংসদ বিজয় মাল্য সরকারিভাবে দিল্লি পুলিশকে জানিয়েছেন। তবে ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক অজয় শাহনি ভারতের স্বাধীনতা দিবসে হ্যাকিংয়ের এ ঘটনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তারা প্রতিবছরই এমন কিছু ওয়েবসাইট হ্যাক করে, যা অনেকটা শিশুদের খেলার মতো। তবে পাকিস্তানের পক্ষ থেকে অনলাইন যোগাযোগভিত্তিক সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জানা গেছে, পাকিস্তান সাইবার আর্মি গ্রুপ কয়েক বছর ধরে ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করছে। —এএফপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী