ভারত যেসব অজুহাত দেখাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

সেই ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজমান। এক দেশ যা করে, প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য দেশ সেটার চেয়ে ভালো কিছু করার চেষ্টায় থাকে। পাকিস্তান পারমাণবিক শক্তি মজুত করলে ভারতও করে। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়ে গেছে। এদিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকবে কেন? মূলত পাকিস্তানের সঙ্গে টেক্কা দিতে গিয়েই ভারত পরাজয় বরণ করেছে।

তিস্তা চুক্তি
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ-ভারতের মধ্যে তিস্তা চুক্তি হবে হবে করেও হচ্ছে না। এর আগে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে এসে ইলিশ খেয়ে প্রশংসা করে পানি না দিয়েই চলে গেছেন। কিছুদিন আগে তিনি আবার এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তাতেও অবশ্য লাভ হয়নি, তিস্তা চুক্তি যেভাবে ঝুলছিল, সেভাবেই ঝুলে আছে। ভারতীয় ক্রিকেট দল দেখল তাদের দেশ থেকে নেতারা আসছেন ঠিকই কিন্তু তিস্তা চুক্তি হচ্ছে না, বাংলাদেশ ন্যায্য পাওনা বুঝে পাচ্ছে না। নেতাদের এমন আচরণে চক্ষুলজ্জায় পড়ে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ দলকে তিস্তা চুক্তির সান্ত্বনা হিসেবে জয় উপহার দিয়েছে।

ঢাকার যানজট
ঢাকা আর যানজট—এই দুটির সম্পর্ক অতি পুরোনো এবং বেশ দৃঢ়। সম্প্রতি ঢাকার যানজট আগের তুলনায় আরও বেড়েছে। ভারতীয় ক্রিকেট দল ওয়ান ডে খেলার আগে অনুশীলনের জন্য হোটেল থেকে ঠিক সময়ে বের হলেও তাদের মূল্যবান সময়ের অনেকটাই ব্যয় হয়েছে যানজটে। যানজট ঠেলে মাঠে এসে খেলোয়াড়েরা ছিলেন ক্লান্ত। সব মিলিয়ে যানজটের প্রভাবে যথেষ্ট পরিমাণ অনুশীলন করতে না পারায় ওয়ানডেতে হারতে হয়েছে তাঁদের।

বিশ্বকাপের সেই ম্যাচ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা মোটামুটি সবারই জানা। ভারত সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল ঠিকই। তবে বাংলাদেশ দলকে শুধু ভারতের ১১ জন খেলোয়াড়ের বিপক্ষে লড়তে হয়নি সেদিন, ইয়ান গোল্ড ও আলিম দারও ছিলেন ভারতের অন্যতম সেনা। কোয়ার্টার ফাইনালের ওই দুই আম্পায়ার এবার বাংলাদেশ সফরে না থাকায় স্বভাবতই ভারত শক্তির দিক দিয়ে পিছিয়ে পড়েছে, আর সে কারণেই পরাজয়!

পাদটীকা: চাইলে এমন হাজারো অজুহাত দেখাতে পারে ভারতীয় ক্রিকেট দল বা সমর্থকেরা! তবে সত্যটা হচ্ছে, বাংলার টাইগাররা নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়েই জয় ছিনিয়ে নিয়েছে!