ভারত সফরে নানা প্রতিশ্রুতি গুগল প্রধানের

অনুসন্ধান সেবাদাতা গুগলের জন্য বড় বাজার ভারত। আজ বুধবার দুই দিনের সফরে ভারত সফরে গিয়ে ভারতজুড়ে ইন্টারনেট প্রসার, গুগলে আরও ভারতীয় কর্মী নিয়োগ, হায়দরাবাদে গুগলের ক্যাম্পাস তৈরি ও ২০ লাখ সফটওয়্যার ডেভেলপার তৈরিসহ নানা প্রতিশ্রুতি দিলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
নয়াদিল্লিতে আজ বুধবার ‘গুগল ফর ইন্ডিয়া’ শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই এসব প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে পিচাই ভারতের ৪০০ রেল স্টেশনকে ওয়াই-ফাইয়ের আওতায় আনার ঘোষণা দেন।
গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় পিচাই বেলুনের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়া এবং ভারতের মানচিত্র উন্নত করার প্রতিশ্রুতি দেন। তিনি ওই অনুষ্ঠানে বলেন, আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী বেশি হবে।
ভারতে ইন্টারনেট সংযোগ সুবিধার গুরুত্ব তুলে ধরে পিচাই বলেন, ভারত জুড়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মোবাইল ইন্টারনেট সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য ইন্টারনেট সুবিধা এবং আমাদের তৈরি পণ্য সবার জন্য অর্থপূর্ণভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। এ ছাড়া ইন্টারনেটে সব মানুষের কথা উঠে আসছে কি না সেই প্ল্যাটফর্মটিও নিশ্চিত করতে চায় গুগল।
চলতি বছরের আগস্ট মাসে গুগলকে নতুন করে ঢেলে সাজান গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগলের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে আলাদা প্রতিষ্ঠান করে অ্যালফাবেট নামের একটি মূল প্রতিষ্ঠানের অধীনে আনেন। সেই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহী করেন ল্যারি পেজ।
প্রধান নির্বাহী হিসেবে প্রথমবারের মতো ভারতে গেলেন পিচাই। তিনি জানান, ভারতে এর আগে গুগল যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরীক্ষামূলক কর্মসূচি চালু করেছিল, তা এখন তিন লাখ গ্রামে বাস্তবায়ন করা হবে। আগামী তিন বছরে তিন লাখ গ্রামকে অনলাইনের আওতায় আনবে গুগল। এ ছাড়া জাতীয়ভাবে নারীদের অনলাইনে আনতে ‘বাই সাইকেল কর্মসূচি’ বাস্তবায়ন করবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।