ভারতজুড়ে অভিন্ন মোবাইল ফোন নম্বর চালু
একটি মোবাইল ফোন নম্বর অক্ষুণ্ন রেখে ভারতের মোবাইল গ্রাহকেরা এখন থেকে তাদের পছন্দের যেকোনো মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের গ্রাহক হতে পারছেন। অর্থাৎ প্রতিষ্ঠান বদল হলেও নম্বর একই থাকছে। গত সপ্তাহে ভারতের রাজধানী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী চালু করেছেন এই মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি। ফলে এখন গোটা দেশে চালু হয়ে গেছে এই এমএনপি পরিষেবা। যদিও এই সেবা প্রথম চালু হয় গত নভেম্বরের ২৫ তারিখে, ভারতের হরিয়ানা রাজ্যের রোহতকে। ওই দিন এখানে এই এমএনপি পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করেন ভারতের কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী কপিল সিবাল। আর এবার গোটা দেশের জন্য এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই সেবার আওতায় সংযোগদাতা প্রতিষ্ঠান পরিবর্তন করতে খরচ হবে মাত্র ১৯ রুপি। তবে বকেয়া বিল পরিশোধ করেই যেতে হবে নতুন সংযোগে। এ জন্য গ্রাহককে ১৯০০ নম্বরে এসএমএস করতে হবে।এদিকে এই সেবা চালুর সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ধরে রাখা এবং নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ইতিমধ্যে ঘোষণা করতে শুরু করেছে নানা সুযোগসুবিধা দেওয়ার কথা। সর্বপ্রথমে ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা ভারত সঞ্চার নিগম বা বিএসএনএল ঘোষণা করেছে তাদের নানা সুযোগসুবিধা দেওয়ার কথা। সংস্থার মহাব্যবস্থাপক সলিল ভাদুরি জানিয়েছেন, বিএসএনএলের পরিষেবায় নাম অন্তর্ভুক্ত করা হলেই প্রতি গ্রাহককে দেওয়া হবে বিনা মূল্যে ১০০ রুপির টকটাইম। একমাসের জন্য বিনামূল্যে মিলবে পাঁচ জিবি জিপিআরএস। ১০১ রুপি রিচার্জ করা হলে সারা বছরে মিলবে পুরো টকটাইম। ১২৪ রুপি রিচার্জ করলে সারা বছর বিএসএনএল গ্রাহকেরা মাত্র পাঁচ পয়সার বিনিময়ে কথা বলার সুযোগ পাবেন। তবে বিএসএনএল বাদে অন্য সংস্থা এখনো গ্রাহকদের সুযোগসুবিধার কথা ঘোষণা না করলেও শিগগিরই ঘোষণা করতে যাচ্ছে তাদের সুযোগসুবিধার কথা। —অমর সাহা, কলকাতা