ভারতি এয়ারটেলের গ্রাহক ২০ কোটির বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান ভারতি এয়ারটেলের গ্রাহক এখন ২০ কোটিরও বেশি। গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ভারতি এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতি মিত্তাল। তিনি বলেন, ১৫ বছর আগে পথচলা শুরু হয়েছিল এয়ারটেলের। এখন এর গ্রাহক ২০ কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১৫ কোটি ভারতে। বাকি পাঁচ কোটি এশিয়া ও আফ্রিকার ১৯টি দেশে। এই পরিষেবা বিস্তৃত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও। একই দিন এয়ারটেলের নতুন লোগো চালু করা হয়েছে। এখন থেকে বিশ্বজুড়ে এই নতুন লোগোয় পরিচিত হবে এয়ারটেল। এত দিনের পরিচিত লাল-সাদা রঙের এয়ারটেল লেখা লোগোর বদলে নতুন একটি লোগো চালু করেছে এয়ারটেল। লাল রঙের এই লোগোটি আধুনিক ও ছিমছাম। লোগোর সঙ্গে সঙ্গেই চালু করা হয় এ আর রহমানের সুর করা এয়ারটেলের নতুন পরিচিতি সংগীত (সিগনেচার টিউন)। —অমর সাহা, কলকাতা