ভারতীয়দের সবচেয়ে বিরক্তিকর অভ্যাস

ইন্টারনেটে গুজব ছড়ানো ভারতীয়দের সবচেয়ে বিরক্তিকর অভ্যাসে পরিণত হয়েছে। সম্প্রতি ভারতের একটি টেলিকম অপারেটরের জরিপের ফলে এ তথ্য জানা যায়।
জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ মানুষ গুজব ছড়ানোকে বিরক্তিকর অভ্যাস বলে জানিয়েছেন। ৯৪ শতাংশ ব্যক্তি বলেন, ইন্টারনেট তাঁদের জীবনকে উন্নত করেছে।
টেলিনরের চালানো জরিপে ইন্টারনেটে ভারতীয়দের বদঅভ্যাসের তালিকায় ঠাঁই করে নিয়েছে অনলাইনে গেম খেলার আমন্ত্রণ, অনুপযুক্ত বিষয়বস্তু শেয়ার করা, ফেসবুকে সাহায্য চেয়ে ও আপত্তিকর বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা।
জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ভারতীয় ইন্টারনেটে আসক্ত।
সম্প্রতি গ্রাহকদের ইন্টারনেট আচরণ সম্পর্কে জানতে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় জরিপ চালায় টেলিনর। জরিপে ৩৩ শতাংশ ভারতীয় অতিরিক্ত সেলফি তোলা ব্যক্তিকে ঘৃণা করে বলে জানিয়েছে। অতিরিক্ত সেলফি তোলা ব্যক্তিকে ঘৃণার চোখে দেখার আঞ্চলিক গড় ২১ শতাংশ। আইএএনএস।