ভারতে অবাঞ্ছিত কল রোধের উদ্যোগ
মোবাইল ফোনের গ্রাহকদের অবাঞ্ছিত কলের হাত থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। বিশেষ করে, বিভিন্ন পণ্য বিক্রয়কারী সংস্থা অবাঞ্ছিত কল করে মোবাইল ফোন গ্রাহকদের নিয়মিত বিরক্ত করে আসছিল। তাই এবার এই কল থেকে গ্রাহকদের মুক্তি দিতে ট্রাই নতুন এক ব্যবস্থা নিয়েছে। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রাইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে মোবাইল ফোনের গ্রাহকেরা এই অবাঞ্ছিত ফোন কলের ঝামেলা থেকে মুক্তি পাবেন। এই লক্ষ্যে ট্রাই ওই সব পণ্য বিক্রয়কারী সংস্থাকে ১৪০ সিরিজের ফোন ব্যবহারের নির্দেশ দিয়েছে। এতে মোবাইল ফোনের গ্রাহকেরা ওই নম্বর দেখেই বুঝতে পারবেন, এটা তাঁদের প্রত্যাশিত কল নয়। এদিকে ট্রাইর নির্দেশের পর ভারতের টেলিকমিউনিকেশন দপ্তর ওই সব সংস্থাকে ১৪০ সিরিজের নম্বর ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। —অমর সাহা, কলকাতা