ভারতে অভিন্ন নম্বরে অন্য সংস্থার মোবাইল ফোন সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল নম্বর ঠিক রেখে আগামী সেপ্টেম্বর থেকে ভারতের মোবাইল ফোনের গ্রাহকেরা তাঁদের পছন্দের যেকোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সংযোগ নিতে পারবেন। অর্থাৎ গ্রাহকেরা চাইলেই তাঁদের পরিষেবা (এমএনপি) বদলের সুযোগ পাবেন। এই পরিষেবা চালু হলে গ্রাহকেরা তাঁদের পুরোনো পরিষেবা ছেড়ে পছন্দের যেকোনো পরিষেবায় নাম অন্তর্ভুক্তি করতে পারবেন। যদিও ভারতের টেলিফোন নিয়ন্ত্রণকারী সংস্থা রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) চেয়েছিল গত বছরের ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা চালু করতে।কিন্তু ভারতের দুটি রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা বিএসএনএল ও এমটিএনএল জানিয়ে দেয়, প্রযুক্তির ঘাটতিগত সমস্যার কারণে তারা ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা চালু করতে পারছে না। এটা চালু করতে সময় লাগবে এপ্রিল পর্যন্ত। সেই হিসাবে এই পরিষেবা এপ্রিল পর্যন্ত পিছিয়ে নেওয়া হলেও তা চালু করা সম্ভব হয়ে ওঠেনি। এবার ট্রাই কড়া নির্দেশ জারি করে বলেছে, সেপ্টেম্বরের মধ্যেই এই পরিষেবা চালু করতে হবে। গত মঙ্গলবার কলকাতায় ভারত চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ট্রাইয়ের চেয়ারম্যান জে এস শর্মা জানান, সেপ্টেম্বরেই চালু হচ্ছে এই পরিষেবা। —অমর সাহা, কলকাতা