ভারতে আপৎকালীন অভিন্ন নম্বর চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতে আপৎকালীন একটি অভিন্ন নম্বর চালু করছে দেশটির সরকার। ভারতের টেলিযোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই প্রস্তাবে সায় দিয়েছেন। মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংবাদমাধ্যমকে। এই নম্বরটি হবে ১১২। যুক্তরাষ্ট্রের ধাঁচে এবার ভারতেও জরুরি পরিষেবা পেতে চালু হচ্ছে অভিন্ন নম্বর। যুক্তরাষ্ট্রের জন্য নম্বরটি হলো ৯১১। বিপদে পড়লে নম্বরটিতে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে।
সেবাগুলো এখন পেতে ভিন্ন ভিন্ন নম্বরে ফোন করতে হয়। যেমন পুলিশি সাহায্য পেতে ১০০, দমকলের জন্য ১০১, অ্যাম্বুলেন্সের জন্য ১০২, বিপর্যয় মোকাবিলার জন্য ১০৮ ইত্যাদি নম্বরে ফোন করতে হতো। ১১২ নম্বরে ফোন করে এসব সুবিধা পাওয়া যাবে।
ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ১১২ নম্বরে ডায়াল করলেই মিলবে এই পরিষেবা। সে ক্ষেত্রে যদি টেলিফোন সংযোগ বন্ধ থাকে কিংবা ইনকামিং কল পরিষেবা বন্ধ থাকে, সে ক্ষেত্রেও ১১২ নম্বরে ডায়াল করা যাবে। এই ফোনকলে হিন্দি, ইংরেজি ভাষা ছাড়াও আঞ্চলিক ভাষায় সাহায্য চাওয়া যাবে।
অমর সাহা, কলকাতা