ভারতে কেব্ল টিভি সম্প্রচারে অ্যানালগ যুগের অবসান হতে চলেছে। আসছে ডিজিটাল যুগ। ভারতের টেলিনিয়ন্ত্রক সংস্থা ট্রাই বা টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার সুপারিশমতো ভারত সরকার ইতিমধ্যে এই লক্ষ্যে কেব্ল নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে ডিজিটালব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত খসড়া আইনটি ইতিমধ্যে পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়। হাতে সময় কম থাকায় আইনটি অর্ডিন্যান্স হিসেবে জারি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সংসদের শীতকালীন অধিবেশনে এটি পাস করা হবে।এই আইনবলে প্রথম পর্যায়ে আগামী ২০১২ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের প্রধান চারটি শহরে এ ব্যবস্থা চালু হবে। এরপর ২০১৩ সালের ৩১ মার্চের মধ্যে চালু হবে ১০ লাখের বেশি জনসংখ্যার শহরগুলোয়। আর ২০১৪ সালের ৩১ মার্চের মধ্যে দেশের পুরো নগরাঞ্চল এই আওতার অধীনে আনা হবে। আর বাকি সব এলাকায় এ ব্যবস্থা চালু হবে ২০১৫ সালের ৩১ মার্চের মধ্যে। —অমর সাহা, কলকাতা