ভারতে ইন্টারনেটের ওপর বিধিনিষেধের ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) ওয়েবসাইট নেটওয়ার্কসহ অন্যান্য ওয়েবসাইটের ওপর বিধিনিষেধ আরোপ করতে নীতিমালা প্রণয়নের ইঙ্গিত দিয়েছে ভারত সরকার। গত মঙ্গলবার ভারতের যোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কপিল সিবাল এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন। যদিও শর্ত ভঙ্গ করে এমন বিষয়বস্তু তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট।কপিল সিবাল বলেন, ‘সরকার সেন্সরশিপের বিরুদ্ধে। তবে যুক্তরাষ্ট্রের আইন এবং সাম্প্রদায়িক মর্যাদার বিষয়টি ভারতে প্রয়োগ হতে পারে না। আমরা আমাদের জনগণের স্পর্শকাতরতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সাংস্কৃতিক মূল্যবোধ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’তিনি বলেন, ‘সরকারের কিছু নিয়মনীতি মেনে চলতে কোম্পানিগুলো অলিখিতভাবে রাজি হয়েছিল। কিন্তু বর্তমানে তারা একটি অবস্থান নিয়েছে, আদালত না বললে আপত্তিকর কোনো বিষয়বস্তু তুলে নেবে না। সরকারের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই নীতিমালা প্রণয়নের বিষয়টি চিন্তা করা হচ্ছে।’সরকারের এই মনোভাবের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা চাই, ফেসবুক হবে এমন একটি স্থান, যেখানে কোনো ব্যক্তি অন্যের অনুভূতি ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে কোনো বিষয় মুক্তভাবে তুলে ধরতে পারবে। আপত্তিকর, হুমকি দেওয়া, উসকানি দেওয়া বা নগ্নতার মতো যেকোনো বিষয়, যা আমাদের শর্ত কেউ ভঙ্গ করে, তা সাইট থেকে তুলে নেওয়া হবে।’ তবে মাইক্রোসফট ও ইয়াহু এ বিষয়ে মন্তব্য করতে চায়নি।ভারতের আইনজীবী রাজীব ধাওয়ান যোগাযোগমন্ত্রীর এ অবস্থানের সমালোচনা করে বলেন, ‘ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর। কোনো বিষয় ইন্টারনেট বা ইলেকট্রনিক মিডিয়ায় এলে সেটা সেন্সর করা অসম্ভব।’সরকার বেশ কিছু ওয়েবসাইট চিহ্নিত করেছে, যেখানে অশ্লীল ছবি বা ভিডিও তুলে ধরা হচ্ছে। এসব সাইটে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে ব্যঙ্গচিত্রও প্রকাশ করা হয়েছে। যোগাযোগমন্ত্রী যুক্তি দেন, ‘এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।’ —নয়াদিল্লি প্রতিনিধি