ভারতে এক হচ্ছে ভোডাফোন ও আইডিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মুঠোফোন গ্রাহকের পরিমাণ ৮০ কোটি। এই গ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেন এয়ারটেল সংযোগ। প্রতিষ্ঠানটি ভারতে মুঠোফোন সংযোগের ২৪ দশমিক ৩২ শতাংশ সরবরাহ করে। দ্বিতীয় স্থানে রয়েছে ভোডাফোন, এর দখলে ১৮ দশমিক ৭২ শতাংশ বাজার। আর তৃতীয় স্থানে রয়েছে আইডিয়া, এর হাতে রয়েছে ভারতের ১৭ দশমিক ১৭ শতাংশ মোবাইল বাজার। এ তথ্য উঠে এসেছে ট্রাই বা টেলিফোন রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়ার সূত্রে। এরপর রয়েছে যথাক্রমে বিএসএনএল (৮ দশমিক ৮০ শতাংশ), এয়ারসেল (৮ দশমিক ৩৮), রিলায়েন্স কমিউনিকেশনস (৭ দশমিক ৯৯), টাটা টেলি কমিউনিকেশনস (৫ দশমিক ১৭), টেলিনর (৪ দশমিক ৯৪) এবং রিলায়েন্স জিও (৩ দশমিক ৩০ শতাংশ)।
গত বছর রিলায়েন্স জিও বাজারে আসার পর ভারতীয় মুঠোফোন বাজারে আসে অন্য মাত্রা। গত জুনে এই রিলায়েন্স জিও বাজারে প্রবেশ করে। প্রথম তিন মাস গ্রাহকদের বিনা খরচায় সেবা ব্যবহারের ঘোষণা দেয়। দুই দফায় সেই ঘোষণার মেয়াদ বৃদ্ধি করে তা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে রিলায়েন্সের এই ঘোষণায় প্রতিযোগিতার মুখে পড়েছে অন্যান্য মোবাইল সংস্থা। সংবাদমাধ্যমে বলা হয়েছে, রিলায়েন্সকে ঠেকাতে ভোডাফোন ও আইডিয়া এক হতে চলেছে। গত সোমবার এক বিবৃতিতে এই মিলন হওয়ার ইঙ্গিত দিয়েছে স্বয়ং ভোডাফোন সংস্থা। বলেছে, এ নিয়ে এ দুই সংস্থার মধ্যে আলোচনাও শুরু হয়েছে। ২০০৭ সালে ভারতে পা রেখেছিল যুক্তরাজ্যের ভোডাফোন। আর আইডিয়া হলো আদিত্য বিড়লা গোষ্ঠীর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। সংবাদমাধ্যমে আরও বলা হয়, এই ভোডাফোন ও আইডিয়া এক হয়ে গেলে তারাই ভারতে টেলিযোগাযোগে শীর্ষ আসন দখল করতে সমর্থ হবে।
অমর সাহা, কলকাতা