ভারতে একই নম্বরে অন্য সংস্থার মোবাইল সংযোগ
মোবাইল ফোনের নম্বর অক্ষুণ্ন রেখে চলতি বছরের ৩১ অক্টোবর থেকে ভারতের মোবাইল ফোন গ্রাহকেরা তাদের পছন্দের যেকোনো মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠানের সংযোগ নিতে পারবে। অর্থাৎ গ্রাহকেরা চাইলেই তাদের সংযোগ অর্থাৎ মোবাইল নম্বর পোর্টাবিলিটির (এমএনপি) সুযোগ পাবে। এই পরিষেবা চালু হলে গ্রাহকেরা যেকোনো সংযোগ ছেড়ে পছন্দের যেকোনো সংযোগ নিতে পারবে।ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) চেয়েছিল গত বছরের ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা চালু করতে। কিন্তু ভারতের দুটি রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা বিএসএনএল ও এমটিএনএল জানিয়ে দেয়, প্রযুক্তির ঘাটতির সমস্যার কারণে তারা ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা চালু করতে পারছে না। এটা চালু করতে সময় লাগবে এপ্রিল পর্যন্ত। সেই হিসেবে এই পরিষেবা এপ্রিল পর্যন্ত পিছিয়ে নেওয়া হলেও তা এপ্রিলে চালু করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর ট্রাই কড়া নির্দেশ জারি করে বলেছে সেপ্টেম্বরের মধ্যেই এই পরিষেবা চালু করতে হবে। তাতেও সায় দেয়নি ভারতের সব মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান।অবশেষে গত বৃহস্পতিবার দিল্লিতে বসে ট্রাইয়ের বৈঠক। এতে সিদ্ধান্ত হয়, ৩১ অক্টোবরের মধ্যে চালু করা হবে এমএনপি পরিষেবা। বৈঠক শেষে ট্রাইর চেয়ারম্যান জে এস শর্মা জানিয়ে দেন, এবার ৩১ অক্টোবরের মধ্যে এমএনপি পরিষেবা চালু করার ব্যাপারে মোবাইল সংযোগদাতা বিভিন্ন প্রতিষ্ঠান সম্মত হয়েছে। —অমর সাহা, কলকাতা