ভারতের সুপ্রিম কোর্ট দেশটির বড় দুটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও ভোডাফোনের লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দিয়েছেন। কলকাতা, দিল্লি ও মুম্বাই সার্কেলে এ বছরের নভেম্বরে শেষ হতে চলেছে এ দুটি প্রতিষ্ঠানের টুজি টেলিযোগাযোগসেবার লাইসেন্সের মেয়াদ।
কয়েক মাস আগে ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর ওই প্রতিষ্ঠান দুটির লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দেয়। এরপর এই দুটি প্রতিষ্ঠান লাইসেন্স পুনর্নবায়নের জন্য ভারতের সর্বোচ্চ আদালতে আপিল করে। ভারতের সুপ্রিম কোর্ট গত সোমবার সেই আবেদন খারিজ করে দেন। এই আদেশের ফলে এবার নিলামের মাধ্যমে এয়ারটেল ও ভোডাফোনকে স্পেকট্রাম কিনতে হবে।
ভারতের টেলিযোগাযোগ দপ্তর জানিয়েছে, সংস্থার নিয়ম অনুযায়ী নিলামে যোগ দিয়ে দর নিশ্চিত করতে পারলে তবেই লাইসেন্স মিলবে। তা না হলেই তরঙ্গে কোনো অধিকার থাকবে না এ দুই প্রতিষ্ঠানের। —অমর সাহা, কলকাতা থেকে