এখন ভারতজুড়ে চলছে বেসরকারি মোবাইল সংস্থার ব্যবসা। নিত্য নতুন প্যাকেজ ঘোষণা করে তারা গ্রাহকদের দিচ্ছে নানা সুযোগ-সুবিধা। কমিয়ে দিচ্ছে কথা বলার খরচ। বেসরকারি সংস্থার এসব প্যাকেজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না ভারত সরকার-নিয়ন্ত্রিত টেলিফোন সংস্থা ভারত সঞ্চার নিগম (বিএসএনএল)। এখনো বিএএনএলের এসটিডি কলের খরচ বেশি থাকায় প্রতিদিনই গ্রাহক হারাচ্ছে তারা। এ ছাড়া অনেক গ্রাহকই এখন ল্যান্ডলাইন ছেড়ে ভর করছে বেসরকারি বিভিন্ন মোবাইল সংস্থার ওপর। এতে বিএসএনএলের ল্যান্ডলাইনের গ্রাহকসংখ্যা কমে যাচ্ছে দ্রুত।ফলে মোবাইলের বাজারে বিএসএনএলের ল্যান্ডলাইন ফোনকে টিকিয়ে রাখার জন্য রোববার রাত থেকে বিএসএনএল গোটা দেশের এসটিডি ফোনের খরচ কমিয়ে লোকাল কলের সমতুল্য করে পালসরেট করেছে তিন মিনিট। অর্থাৎ তিন মিনিটে ল্যান্ডলাইনে ভারতের যেকোনো স্থানে গ্রাহকেরা কথা বলতে পারবে এক রুপির বিনিময়ে।কলের খরচ কমানোর কথা শনিবার ভারতের লোকসভায় জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী শচীন পাইলট। তিনি বলেন, চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে বিএসএনএলের রাজস্ব আদায় হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি রুপি। অথচ ২০০৭-০৮ সালে ওই সময় রাজস্ব আদায় হয়েছিল ৩২ হাজার ৮০০ কোটি রুপি। প্রসঙ্গত, এই হিসাবেই ফুটে উঠেছে বিএসএনএলের গ্রাহকসংখ্যা দিন দিন হ্রাস পাওয়ার চিত্র। তবে ইন্টারনেটের ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে এখনো শীর্ষে রয়েছে বিএসএনএল। —অমর সাহা, কলকাতা