চীনের কমদামি মোবাইল ফোনসেটে এখন ছেয়ে গেছে গোটা ভারতের মোবাইল বাজার। কম দামে পেয়ে মানুষও আকৃষ্ট হচ্ছে রংবেরঙের চীনা মোবাইলের প্রতি। তবে এমন চিত্রটা কিন্তু ২০০৬-০৭ সালের দিকে ছিল না। তখন চীনা মোবাইল ভারতে ঢোকেনি। এরপর অবশ্য শুরু হয় ভারতজুড়ে চীনা মোবাইলের বাজার। ওই বছরই এক ধাপে ভারতের বাজারে ঢুকে পড়ে ৫৫ লাখ চীনা মোবাইল ফোন সেট। ২০০৮-০৯ সালে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় এক কোটি ২৪ লাখে। আর গত আর্থিক বছরে এই সংখ্যা ছোঁয় দুই কোটিতে। একটি সমীক্ষায় দেখা গেছে, ২০০৯-১০ এই চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই চার হাজার ২০০ কোটি রুপির চীনা মোবাইল ফোন সেট ভারতের বাজারে ঢুকে পড়েছে।এদিকে এখনো জ্যামিতিক হারে চীনা মোবাইল হ্যান্ড সেটের সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কা ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন মোবাইল সেট প্রস্তুতকারী সংস্থায়। তারা বিষয়টি তুলেছে সরকারের কাছে। দাবিও তুলেছে, এভাবে ভারতে চীনা মোবাইল ফোন বেড়ে গেলে মার খেয়ে যাবে দেশীয় মোবাইল শিল্প। তাই তারা দাবি তুলেছে, চীনা মোবাইল ফোন নিষিদ্ধ করার। যদিও চীনা মোবাইল ফোনগুলো নিরাপত্তার নির্দিষ্ট সুপারিশ মেনে তৈরি হচ্ছে না। তা ছাড়া এই মোবাইল ফোন থেকে সরকারও বঞ্চিত হচ্ছে ভ্যাট, শুল্ক ইত্যাদি থেকে। ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকম (ডট) বিভাগের এক কর্মকর্তা বলেছেন, চীনা মোবাইল ফোন যেভাবে ভারতের মোবাইল বাজার কবজা করছে তাতে দেশের মোবাইল শিল্পের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। সরকারও বিষয়টি নিয়ে এবার চিন্তাভাবনা শুরু করেছে। ওই কর্মকর্তা এই ইঙ্গিতও দিয়েছেন, দেশীয় শিল্পের বাজার রক্ষা করতে সরকার চীনা মোবাইল ফোন বন্ধের পথেও হাঁটতে বাধ্য হতে পারে। —অমর সাহা, কলকাতা